ফলসহ ৬০০ কুলগাছ হত্যা!
তরুণ আবদুর রশিদ গত বছর মাত্র সাড়ে চার বিঘা জমিতে কুলের চাষ করে সাড়ে তিন লাখ টাকা লাভ করেন। এবার পাঁচ লাখ টাকা লাভ করার আশা তাঁর। কিন্তু চোখের পলকে তাঁর সেই স্বপ্ন চুরমার হয়ে গেল। ধরন্ত কুলগাছগুলো হত্যা করতে ছাল (বাকল) তুলে দিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে একদল সন্ত্রাসী এই কাজ করেছে। কৃষি বিভাগের কর্মকর্তা ও নার্সারি ব্যবসায়ীরা বলছেন, এই ছাল তুলে দেওয়ার কারণে গাছগুলো আস্তে আস্তে লাল হয়ে শুকিয়ে আসবে। গাছের পাতা শুকিয়ে যাবে, গাছে যে কুল আছে তা শুকিয়ে ঝরে পড়বে। এমনকি গাছগুলো মারা যেতে পারে। ঝিনাইদহের সীমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলার দুলালপুর গ্রামের আবদুর রশিদ জানান, মাত্র দুই বছর তিনি এই কুলের চাষ করছেন। গত বছর সাড়ে চার বিঘা জমিতে সাড়ে ৭০০ কুলগাছ রোপণ করেন। এই চাষ করতে তাঁকে এক লাখ টাকা ব্যয় করতে হয়। বছর শেষে সাড়ে চার লাখ টাকার কুল বিক্রি করেন। আবদুর রশিদ আরও জানান, এ বছর তিনি পুরাতনগুলো তুলে ৭০০ গাছ রোপণ করেন। এরই মধ্যে কুল ধরেছে। আর মাস খানেক পরই কুল বিক্রি করা যাবে। এবারও এক লাখের অধিক টাকা ব্যয় করেছেন। আশা ছিল, এবার ছয় লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন। আবদুর রশিদ জানান, গত বছর লাভ ভালো হওয়ায় তিনি একটি নতুন মোটরসাইকেল কেনেন। বাড়িতে রঙিন টেলিভিশন আনেন। একতলা বাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন। এবারের আয় থেকে তিনি বাড়ির আসবাবপত্র কেনাসহ নানান খরচ করবেন বলে আশা করেছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর এই ভালো হওয়া যারা সহ্য করতে পারেনি, তারাই চক্রান্ত করে এই কাজটি করেছে। তবে তিনি সরাসরি কারও নাম বলতে পারেননি। তিনি চৌগাছা থানায় একটি অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত খেত দেখতে আসা ঢাকার যাত্রাবাড়ী এলাকার কুল ব্যবসায়ী নুরু মিয়া জানান, খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। এই ক্ষতি দেখে তিনি হতবাক হয়েছেন। স্থানীয় হাকিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হেলালউদ্দিন জানান, গাছে কুল ধরেছে। এক রাতে ৬০০ গাছের ছাল তুলে দেবে এটা ঠিক নয়। ওই বাগানে ৭০০ গাছ রয়েছে। যশোরের কৃষি বিভাগে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ছাল না থাকলে সে গাছ ভালো থাকে না। গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এমনকি মরে যাওয়ারও আশঙ্কা রয়েছে। চৌগাছা থানার এসআই নাজমুল হাসান জানান, তিনি খেত পরিদর্শনে গিয়েছিলেন। এই ক্ষতি খুবই দুঃখজনক। তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।