ফলাফল ঘোষণার পর ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বুধবার উপনির্বাচন হয়েছে। নির্বাচনে সুফিয়া কামাল এক ভোটের ব্যবধানে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর লোকজন ফলাফল না মেনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ এসে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে।
নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সূত্রে জানা গেছে, ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল মারা গেলে পদটি শূন্য ঘোষণা করা হয়।
উপনির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল ভোট গ্রহণ হয়। ফলাফল ঘোষণা করা হয় বিকেল পাঁচটায়। এতে দেখা যায়, সুফিয়া ৬৭১, আবদুস সালাম ৬৭০ ও একরাম হোসেন ৩৮২টি ভোট পেয়েছেন। এক ভোটে সালাম হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা ফল বর্জন করে মিছিল শুরু করেন। তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন চৌধুরীকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও ফলাফলের কাগজপত্র উদ্ধার করে। ওই সময় পুলিশের সঙ্গে সালামের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।