ফলাফল ঘোষণার সংবাদ সম্মেলন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য গতকাল দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলন শুরুর আগেই বাইরে বিভিন্ন বিদ্যালয় থেকে ফলাফল আসতে শুরু করে। এ খবর পেয়ে সাংবাদিকেরা সংবাদ সম্মেলন প্রত্যাখ্যান করে বের হয়ে চলে আসেন।
গতকাল দুপুর ১২টার পর থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বোর্ডের এসএসসি পরীক্ষা পাসের হারের প্রচার করা শুরু হয়। ঢাকা বোর্ডের কোন বিদ্যালয়টি সেরা হয়েছে, সেটিও প্রচার হচ্ছিল। এমনকি রাজশাহী বোর্ডের পাসের হারও টেলিভিশনে প্রচার হচ্ছিল। এ সময় রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা শিক্ষা বোর্ডে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ জানান। পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ এ সময় একটি চিঠি বের করে দেখান। তাতে লেখা রয়েছে, শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে বেলা একটার সময় ফলাফল ঘোষণা করবেন। এর আগে শিক্ষা বোর্ড থেকে তিনি ফলাফল ঘোষণা করতে পারেন না। এদিকে তখনই রাজশাহীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী নিজ নিজ বিদ্যালয় থেকে ফলাফল পেয়ে যায়। এ বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানালে তিনি বলেন, তাঁরা সকালে ফলাফলের কপি বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দিয়েছেন এবং তার ওপরে লিখে দিয়েছেন, বেলা দুইটার আগে কেউ ফলাফল ঘোষণা করতে পারবেন না। তারপরও যদি কোনো বিদ্যালয় ফলাফল ঘোষণা করে থাকে, তাহলে তার কিছু করার নেই। এ ব্যাপারে কে ব্যবস্থা নিতে পারে—জানতে চাইলে তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে বলেন।
তাঁর সঙ্গে কথা বলার পরই সংবাদ সম্মেলন প্রত্যাখ্যান করে সাংবাদিকেরা সবাই একযোগে শিক্ষা বোর্ড থেকে বের হয়ে যান।
এ ব্যাপারে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, জেলা প্রশাসনের কাছে ফলাফল আসার পরে তাঁরা যথাযথ নির্দেশনা দিয়ে সেগুলো কেন্দ্রসচিবের কাছে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময়ের আগে সেই ফলাফল ঘোষণা করার কথা নয়। সুনির্দিষ্টভাবে অভিযোগ পেলে তাঁরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে সুপারিশ করবেন।