সিলেট নগরের বাসিন্দাদের বড় একটি অংশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা। এলাকার নামে রয়েছে তাদের আঞ্চলিক সংগঠন। নির্বাচনের ফলাফল নির্ধারণে তারা বরাবরই গুরুত্বপূর্ণ। সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন সামনে রেখে বেশ তৎপর হয়ে উঠছে এসব আঞ্চলিক সংগঠন।সিলেট নগরে চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, নেত্রকোনাসহ অন্তত ১৬টি জেলার সংগঠন রয়েছে। এর বাইরে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলারও সংগঠন রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৬৫ হাজার ভোটার রয়েছেন। এ ছাড়া বৃহত্তর রংপুর অঞ্চলের ৩০ হাজার এবং বৃহত্তর কুমিল্ল্লা অঞ্চলের ১০ হাজার ভোটার আছেন। এসব ভোটারের বেশির ভাগই আঞ্চলিক সংগঠনের সিদ্ধান্তে ভোট দেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘সিলেটের অনেকেই প্রবাসী। ফলে বাইরের জেলার অনেক বাসিন্দা রোজগারের আশায় এখানে আসেন। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ে তাঁদের বড় ভূমিকা রয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, নগরে প্রায় ৩০টি আঞ্চলিক সমিতি সক্রিয়। ভোটের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে প্রভাবশালী বৃহত্তর ময়মনসিংহ সমিতি। এ ছাড়া নেত্রকোনা সমিতি, কুমিল্লা সমিতিসহ অন্তত ১০টি সমিতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছে।বিগত কয়েকটি নির্বাচনে সদ্যবিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এসব আঞ্চলিক সমিতির একচেটিয়া ভোট পেয়েছেন। তাঁর শ্বশুরবাড়ি টাঙ্গাইল জেলায় হওয়ায় বিগত সব নির্বাচনে তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভোট পেয়েছেন। আবার আরেক মেয়র পদপ্রার্থী নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীর শ্বশুরবাড়ি ময়মনসিংহ শহরে। ফলে এবার ওই ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে বলে অনেকে ধারণা করছেন।একজন মেয়র পদপ্রার্থীর স্ত্রী বৃহত্তর ময়মনসিংহের উল্লেখ করে সমিতির একজন নেতা বলেন, ‘আমাদের এলাকার হওয়ায় তাঁর স্ত্রী সংগঠনের উপদেষ্টা ছিলেন। সংগত কারণেই আমরা মেয়র পদে তাঁর স্বামীকে ভোট দিয়ে আসছি। কিন্তু তাঁকে ভোট দিয়ে আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।’