ফলাফল নিয়ে খুশি নয় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান জলবায়ু সম্মেলনে উন্নত ধনী দেশগুলোর নেতাদের কাছ থেকে বাংলাদেশ আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেছিল। ১৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যে সিদ্ধান্ত হয়েছে, তাতে বিশ্বের তাপমাত্রা চলতি শতাব্দীর মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে। এ কারণে সম্মেলনের ফলাফল নিয়ে বাংলাদেশ খুশি নয়। গতকাল বুধবার ডারবান সম্মেলনে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে আরও বলা হয়েছে, সম্মেলন প্রায় ব্যর্থ হতে চলেছিল। তবে শেষ মুহূর্তের চেষ্টায় এবং সম্মেলনের সময় এক দিন বাড়িয়ে দেওয়ায় কিছুটা সফলতা পাওয়া গেছে। সম্মেলনে জাতিসংঘ জলবায়ু তহবিলের স্বচ্ছতাও নিশ্চিত হয়নি উল্লেখ করে সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ২০১২ সালের মধ্যে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর জাতিসংঘের জলবায়ু তহবিলে ৩০ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু ওই তহবিল থেকে এখন পর্যন্ত মাত্র তিন বিলিয়ন ডলার অর্থ ছাড় হয়েছে। বাংলাদেশ সেখান থেকে বিভিন্ন খাতে ইতিমধ্যে ২০০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। ২০২০ সালের মধ্যে বছরে ১০০ বিলিয়ন ডলারের যে তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) হিসেবে ঘোষিত হয়েছে, তার কোনো অর্থ এখন পর্যন্ত তহবিলে জমা পড়েনি—এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তহবিলের ব্যবস্থাপনার বিষয়টি সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত হয়েছে। কিওটো চুক্তির মেয়াদও ২০১৭ পর্যন্ত বেড়েছে। তবে বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলোকে নিয়ে চুক্তি ২০২০ সালে হবে এমন শর্ত থাকায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিছবাহ-উর-রহমান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।