ফলাফল পক্ষে না যাওয়ায় ব্যালট বাক্স ছিনতাই, আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গণনার পর ফলাফল পক্ষে না যাওয়ায় ব্যালট বাক্স ছিনতাই করেছেন এক সদস্য পদপ্রার্থী ও তাঁর সমর্থকেরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৮ জনকে আটক করে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ ভরপাশা প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টায় ভোট গণনা শেষে সাত ভোটের ব্যবধানে পরাজিত হন সদস্য পদপ্রার্থী মো. হায়দার আলী। ফলাফল তাঁর পক্ষে না যাওয়ায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। প্রিজাইডিং অফিসার পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। সেখানেও একই ফলাফল হলে হায়দার ও তাঁর সমর্থকেরা ভোট গণনা কক্ষের দরজা-জানালা ভেঙে ব্যালট পেপারভর্তি বাক্স নিয়ে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে এবং গুলি চালায়। একপর্যায়ে ওই সদস্য পদপ্রার্থী সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশের সদস্য পিছু হটে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় পুলিশ ওই সদস্য পদপ্রার্থী হায়দার আলীসহ ১৮ জনকে আটক করে। পরে রাতেই আদালত বসিয়ে হায়দার আলীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের খালাস দেওয়া হয়। পরে ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার মো. গাজ্জালী বলেন, ভোট গণনার পর এক প্রার্থী ও সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাই করেন। ওই ঘটনায় ১৮ জনকে আটক করলেও মুখ্য মহানগর হাকিম আদালত হায়দার আলীকে ছয় মাসের কারাদণ্ড ও বাকিদের খালাস দেন।