ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল হাসান খান।
গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান।
ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৩ এপ্রিল উচাখিলায় ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, এখানে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিকুল ইসলাম ৫৯৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জাপার প্রার্থী আনোয়ারুল হাসান ৫৮৪৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
গতকালের সংবাদ সম্মেলনে ইউপির নয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে ফল প্রকাশের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার গতকাল বলেন, পরাজিত একজন প্রার্থী নির্বাচনের ১৭ দিন পর সংবাদ সম্মেলন করে কেন এমন অভিযোগ করছেন, তা বোধগম্য নয়।