ফলাফল প্রকাশের দুই ঘণ্টা আগে
পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে বাবার বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন একজন এইচএসসি পরীক্ষার্থী। নিহত ব্যক্তির নাম আদিবা বিনতে মহুয়া। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় আদিবা আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুর আগে নিজ হাতে লেখা চিরকুটে এ রকম ইঙ্গিতই দিয়ে গেছেন আদিবা। ঘটেছেও তাই। প্রকাশিত ফলাফলে দেখা যায়, আদিবা অকৃতকার্য হয়েছেন। তবে পুলিশ বলছে, আদিবার মৃত্যু রহস্যজনক।মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, শহরের গঙ্গাধরপট্টির বাসিন্দা আমিরুল ইসলামের মেয়ে আদিবা স্থানীয় আউলাদ হোসেন খান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। গতকাল ফল ঘোষণার দুই ঘণ্টা আগে তিনি ঘরের দরজা বন্ধ করে বাবার লাইসেন্স করা বন্দুক বুকে ঠেকিয়ে গুলি করেন। এ সময় বাসায় শুধু তাঁর মা জগনু বেগম ছিলেন। গুলির শব্দের পর জগনু বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাঁরা আদিবাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, মৃত্যুর আগে আদিবা একটি চিরকুট লিখে রেখে গেছেন। যে ঘরের ভেতরে আদিবা গুলিবিদ্ধ হয়ে মারা যান, ওই ঘর থেকে পুলিশ চিরকুটটি উদ্ধার করে। চিরকুটে আদিবা লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য আমি মহুয়া নিজেই দায়ী। আমার ব্যক্তিগত জীবনের (লেখাপড়ায়) খারাপের কারণে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের বলেন, আদিবার মৃত্যু রহস্যজনক। বন্দুক ও চিরকুট জব্দ করা হয়েছে। তদন্তের পর ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করি।