ফলাফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের (বামনা-পাথরঘাটা-বেতাগী) উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে দলটি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ দাবি জানান। এ সময় ফলাফল বাতিলের দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বরগুনা-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান ৬৫ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সারোয়ার হিরু ৫৭ হাজার ৯৯৩ ভোট পান।

ইসলামী আন্দোলনের দাবি, আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে ছাত্রলীগের সন্ত্রাসীরা অন্তত ৩০টি কেন্দ্রে ব্যাপক জাল ভোট দেন এবং ইসলামী আন্দোলনের পোলিং এজেন্টদের বের করে দেন। অনেক ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেন। অনেক কেন্দ্রে ফলাফল নির্দিষ্ট ফরমে না দিয়ে সাদা কাগজে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। এ সব বিষয়ে তাত্ক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন দলটির নেতারা।

প্রয়াত চরমোনাই পীর ফজলুল করিমের ছেলে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বর্তমান সরকারের মেয়াদে সর্বশেষ এ উপনির্বাচনের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। এ নির্বাচনের মাধ্যমে তাদের (আওয়ামী লীগ) আসল চেহারা দেখা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোসাদ্দেক বিল্লাহ আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা আর অংশ নেব না। আমাদের শিক্ষা হয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমদ, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।