সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বরিশালের হিজলা উপজেলার একটি ওয়ার্ডে অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনের সচিব, সহকারী সচিবসহ ১১ জনকে বিবাদী করে আদালতে মামলার আবেদন করেছেন এক পরাজিত ইউপি সদস্য প্রার্থী। মামলায় পক্ষপাতিত্ব ও বেআইনিভাবে ঘোষিত নির্বাচনী ফলাফল বাতিল করে বাদী আবদুল লতিফ মৃধাকে নির্বাচিত ঘোষণা করার প্রতিকার চেয়ে মামলাটি করেন।
আদালত সূত্রে জানা যায়, বরিশালের যুগ্ম জেলা জজ (তৃতীয়) আদালতে গতকাল মঙ্গলবার বিকেলে মামলাটির আবেদন করেন ২১ জুন হিজলার মেমানিয়া ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতাকারী আবদুল লতিফ মৃধা। বিচারক মো. ইফতেখারুল ইসলাম মামলার আবেদনটি গ্রহণের পর পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলায় আরও বিবাদী করা হয়েছে মেমানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা), মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও সচিবকে।
বাদীর আইনজীবী আজাদ রহমান মামলার আরজির উদ্ধৃতি দিয়ে জানান, ২১ জুন হিজলার মেমানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে অংশ নেন মনির হোসেন চৌকিদার (ফুটবল প্রতীক), দুলাল হোসেন (টিউবওয়েল) ও আবদুল লতিফ মৃধা (মোরগ)।
আইনজীবী আজাদ রহমান আরও জানান, প্রার্থীদের মধ্যে মনির হোসেনের ‘জনসমর্থন’ না থাকলেও বিত্তশালী ও প্রভাবশালী হওয়ায় নির্বাচনে জিততে রিটার্নিং কর্মকর্তাকে বেআইনিভাবে ম্যানেজ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন মল্লিক-ই-এবতাদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিনকে নিয়োগ দেওয়া হয়। এতে আবদুল লতিফ আপত্তি জানালে ১৯ জুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে মহিষখোলা ফাজিল মাদ্রাসার প্রভাষক কামাল উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। তবে ২০ জুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে সৈয়দ আল আমিনকে বহাল করা হয়। একইভাবে ভোটের দিন প্রিসাইডিং কর্মকর্তা আল আমিন প্রকাশ্যে প্রশাসন ও তাঁর সহযোগীদের নিয়ে মনির হোসেনের পক্ষে কাজ করেন। অন্য প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন।
আবদুল লতিফ এর প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। পরে ফুটবল প্রতীকে সিল মেরে ব্যালট বক্স ভর্তি করা হয়। লতিফ আবার প্রতিবাদ করলে দুই ঘণ্টা ভোট বন্ধ রাখা হয়। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই ঘণ্টা পর জনশূন্য কেন্দ্রে ভোট নিয়ে অন্য প্রার্থীদের অনুপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।
আইনজীবী আজাদ রহমান বলেন, ওই দিনের ঘটনায় লতিফের ছেলে সোহাগ মৃধা নির্বাচনের সব অনিয়ম উল্লেখ করে হিজলা থানায় একটি মামলা করেছেন। অবস্থার অবনতি হওয়ায় লতিফকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন।