ফলাফল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে বিএনপি-সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। একই দাবিতে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।
এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সঠিক ফলাফল ঘোষণা না করা হলে আগামী বৃহস্পতিবার কালিয়াকৈরে হরতাল আহ্বান করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কারচুপির অভিযোগ তুলে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী দল-সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিল নিয়ে স্মারকলিপি পেশ করার জন্য সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যাওয়ার চেষ্টা করলে লতিফপুর এলাকায় পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিএনপি-সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিনের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ পাঁচ নেতাকে ইউএনও কার্যালয়ে যাওয়ার অনুমতি দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২৩ মার্চ নির্বাচনের দিন বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণকক্ষ থেকে মাইকে ফলাফল ঘোষণা করতে থাকেন। রাত ১০টার মধ্যে ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী বিএনপি-সমর্থিত প্রার্থী ৫৪ হাজার ৭৪০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম ৫৩ হাজার ৮৫০ ভোট পান। এতে বেসরকারিভাবে রেজাউল করিম বিএনপির প্রার্থীর কাছে ৮৯০ ভোটে পরাজিত হন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা বিজয় নিশ্চিত জেনে উপজেলা পরিষদ চত্বরে উল্লাস করতে থাকেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, রাত ১১টার দিকে একজন মন্ত্রী ও আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা কালিয়াকৈর থানায় উপস্থিত হন। এরপর ফলাফল ঘোষণা অজ্ঞাত কারণে বিলম্বিত হতে থাকে। রাত আড়াইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, তিনটি কেন্দ্রের ফলাফলের সিট খুঁজে না পাওয়ায় ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত পৌনে তিনটার দিকে সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তবে এ সময় আগের ঘোষণার হিসাব উল্টে যায়। এ সময় ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম ৫৫ হাজার ১৮৭ ভোট ও বিএনপি-সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন ৫৩ হাজার ৩৭৩ ভোট পান।
অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুর রহমান বলেন, নির্বাচনে কোনো রকম কারচুপির সুযোগ নেই। সবার সামনেই ফলাফল ঘোষণা করা হয়েছে।