ফলাফল বাতিলের দাবিতে সিটি মেয়রের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ছয়টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও আবার পরীক্ষা নেওয়ার দাবিতে অভিভাবকেরা গতকাল সোমবার সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় ঘেরাও করেন। বেলা পৌনে ১১টার দিকে শতাধিক অভিভাবক মেয়রের কার্যালয় ঘেরাও করেন। অভিভাবকেরা প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহী ছিলেন না। ভারপ্রাপ্ত মেয়র শরীফুল ইসলাম অভিভাবকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে মেয়রকে জানানোর প্রতিশ্রুতি দেন।এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, অভিভাবক সাবানা খাতুন ও নাসিমা খাতুন বক্তব্য দেন। জামাত খান বলেন, এই ফলাফলে অনিয়ম হয়েছে, তাই ফলাফল সাত দিনের মধ্যে বাতিল করতে হবে। নতুন করে পরীক্ষা নিতে হবে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে, হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।