নোয়াখালী-৬ (হাতিয়া-সুবর্ণচর) আসনের ফলাফল বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। পাশাপাশি এ সংক্রান্ত আবেদনের ওপর আগামী ৫ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। ২০০৮ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কোনো প্রার্থী ছিল না। স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম পেয়েছিলেন ৭২ হাজার ৯৬৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদাউস পেয়েছিলেন ৬৭ হাজার ৯৮৩ ভোট। আয়েশা ফেরদাউস গত বছর ২৩ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী আবেদন করেন। আবেদনে তিনি ১০টি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ আনেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২৬ আগস্ট রায় দেন আদালত। এতে নোয়াখালী-৬ আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ফজলুল আজিম। আদালতে ফজলুল আজিমের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান এবং আয়েশা ফেরদাউসের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও শামীম হায়দার পাটোয়ারী মামলা পরিচালনা করেন। এ ব্যাপারে রোকনউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে সাংসদ হিসেবে ফজলুল আজিম যথারীতি কাজ চালিয়ে যেতে পারবেন। আগামী ৫ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।