ফলাফল সরকারের জন্য ভুল সংশোধনের সুযোগ: ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভুল স্বীকার, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভুল সংশোধনের সুযোগ পেল। ভবিষ্যতের ভুলগুলো এড়ানোর একটা পথ এ থেকে খুঁজে পাওয়া যাবে।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকেরা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সম্পর্কে যোগাযোগমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তাঁর মতে, এ নির্বাচনের ফলাফলের একটা রেশ থেকে যাবে জাতীয় নির্বাচনেও। এটি আগামী নির্বাচনের জন্য সতর্কবার্তা।
ওবায়দুল কাদের বলেছেন, এ নির্বাচনে যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের জন্য এটা একটা ‘ওয়েক আপ কল’। যোগাযোগমন্ত্রী নির্বাচনে জনগণের রায় এবং নবনির্বাচিত মেয়রদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই চার সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচনে নির্বাচন কমিশন কৃতিত্ব্বপূর্ণভাবে কাজ করেছে। এ ধারাবাহিকতায় আগামী নির্বাচন নিরপেক্ষ হবে।
জনপ্রিয়তা কমল কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রী। তিনি বলেন, হেরে যাওয়ার পেছনে কৌশলগত, আচরণগত ও দাবি পূরণের ব্যর্থতাসহ অন্যান্য কারণ থাকে।