প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ফলাফলে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কেন্দ্রেই কোডিং প্রস্তাব দিয়েছেন শিক্ষক-অভিভাবকেরা। তাঁরা মনে করেন, জেএসসি, এসএসসি পরীক্ষার মতো পিএসসি পরীক্ষাতেও বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কোডিং করে উত্তরপত্র পাঠানো হলে ফলাফল নিয়ে কারও মনে কোনো সংশয় থাকে না। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘এ বছর থেকে এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পরীক্ষণের জন্য পাঠানো হচ্ছে। কাজেই ফলাফল স্বচ্ছতার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ জানা যায়, বোর্ডের বিভিন্ন পরীক্ষার (জেএসসি, এসএসসি ও এইচএসসি) ক্ষেত্রে একটি উত্তরপত্রে তিনটি ওএমআর (অপটিক্যাল মার্কস রিডার) সংযুক্ত থাকে। এর মধ্যে একটি অংশে শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয়। পরীক্ষা শেষে কেন্দ্রপ্রধান সেই অংশটি ছিঁড়ে সরাসরি বোর্ডের কম্পিউটার শাখায় পাঠিয়ে দেন। এরপর বোর্ড থেকে উত্তরপত্রগুলো পরীক্ষণের জন্য পাঠানোর পর প্রধান পরীক্ষক আর ওএমআরের অপর একটি ছিঁড়ে কম্পিউটার বিভাগে পাঠিয়ে দেন। ফলে উত্তরপত্র পরীক্ষণের সময় কোনটি কার তা জানার উপায় থাকে না।চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বলেন, পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় বোর্ডের পরীক্ষার মতো কেন্দ্র থেকে কোড নম্বর বসানোর নীতি অনুসরণ করা উচিত। এতে ফলাফল প্রভাবিত হওয়ার কোনো সুযোগ থাকে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণের স্বচ্ছতার জন্য বোর্ডের পরীক্ষাগুলোর মতোই কেন্দ্র থেকে কোড নম্বর বসানোর বিধান চালু করা উচিত। ফলে সব পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরাও স্বস্তি পাবেন।