ফলাফলে নানা অসংগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করার পরেও ধর্ম পরীক্ষায় অনুপস্থিত দেখিয়ে অকৃতকার্য দেখানো হয়েছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিতা রানী সরকারকে। পরে তার উত্তরপত্র পুনরায় নিরীক্ষার পর দেখা যায় অনিতা ধর্ম বিষয়ে ৭৪ নম্বর পেয়েছে।সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহান হাবিব জানালেন, উপাত্ত সংযোজনকারীর ভুলের কারণেই এমনটি হয়েছে। একই উপজেলার দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার গণিত বিষয়ে নম্বর পেয়েছিল ৭৫। কিন্তু পুনরায় নিরীক্ষার পর তার নম্বর দাঁড়ায় ৯৪। তার উত্তরপত্রের ১৪-এর ‘ক’ নম্বর প্রশ্নের মূল্যায়নই করা হয়নি। যার মান ৪। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, উত্তরপত্র নিরীক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের ভুল হওয়ার কারণে এমনটি হয়েছে।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, শারমিন আক্তারের গণিত বিষয়ে ১৪-এর ‘ক’ নম্বর প্রশ্নের মূল্যায়ন না করার বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। উত্তর সঠিক হলেও মূল্যায়ন করার ক্ষমতা না দেওয়ায় নম্বর দেওয়া হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মহাপরিচালক। তাঁদের শুধু যোগের ভুলগুলো নিরীক্ষা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ১০ জন শিক্ষার্থী তাদের ধর্ম বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের আবেদন করেছে। কিন্তু নির্দিষ্ট সময়ে আবেদন না করায় সেগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাটুরিয়ার রাধানগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনিন্দা সাহার মোট প্রাপ্ত নম্বর ৪৬০। এর মধ্যে ধর্ম বিষয়ের নম্বর ছিল ১৯। ১৪ গ্রেস দিয়ে তাকে ধর্মে কৃতকার্য দেখানো হয়েছিল। অনিন্দার মা ঝুমা সাহা জানান, ধর্ম ছাড়া বাকি সব বিষয়ে তার মেয়ে ৮০-এর ওপরে নম্বর পেয়েছে। বিষয়টি সন্দেহ হওয়ায় খাতা পুনরায় নিরীক্ষার আবেদন করা হয়। নিরীক্ষার পর দেখা যায় সে ওই বিষয়ে নম্বর পেয়েছে ৪২।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সদর উপজেলা থেকে ৩০ জন, সাটুরিয়া থেকে পাঁচজন, ঘিওর থেকে দুজন, সিঙ্গাইর থেকে ১৫ জন, শিবালয় থেকে ১৩ জন এবং হরিরামপুর থেকে পাঁচজন শিক্ষার্থী যথাসময়ে তাদের উত্তরপত্র পুনরায় নিরীক্ষার আবেদন করেছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনরায় নিরীক্ষা করা হয়। এদের মধ্যে অনেক শিক্ষার্থীর উত্তরপত্রেই ভুল ধরা পড়েছে। অনেকের নম্বরই বেড়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, ৩০ জন শিক্ষার্থীর ৬৬টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষা করে আটটি উত্তরপত্রে ভুল ধরা পড়েছে। এসব উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। তিনি বলেন, পরীক্ষকের ভুলের কারণেই এমনটি হয়েছে।