নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচন
ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের দাবি আকরামের সিইসির কাছে আবেদন, ৫০ কেন্দ্রে অনিয়মের অভিযোগ
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর দেওয়া এক আবেদনে তিনি এ দাবি জানান৷
সিইসিকে দেওয়া আবেদনে এস এম আকরাম ৫০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন এবং তদন্ত করে পুনর্নির্বাচনের দাবি জানান৷
২৬ জুন এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন সকালে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। আগের রাতেই এস এম আকরাম নির্বাচনে কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন।
গতকাল সিইসিকে দেওয়া আবেদনে এস এম আকরাম অভিযোগ করেন, নারায়ণগঞ্জ ক্লাবকেন্দ্রে আওয়ামী লীগের নেতা খোকন সাহা ব্যালট পেপারে সিল মারার সময় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। সাংসদ শামীম ওসমান পুলিশের একজন সহকারী সুপারকে ধমক দেন। এরপর মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মদনপুর কেন্দ্র দখল করে ভোট ডাকাতির উত্সবে মেতে ওঠেন। আলীরটেকের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও বর্তমান চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে কেন্দ্র দখল হয়। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনারস প্রতীকের (এস এম আকরামের) সব এজেন্টকে বের করে দেয় ও ব্যালটে সিল মারে। মহিলা কলেজ, বার একাডেমি স্কুল, বিবি মরিয়ম স্কুল, নারায়ণগঞ্জ হাইস্কুল কেন্দ্রে জাল ভোট হয়েছে। বিবি মরিয়ম স্কুলে লিটন হত্যা মামলার আসািম চঞ্চল, ইরান, তালিকাভুক্ত সন্ত্রাসী বিপ্লব ব্যালটে সিল মারে। বার একাডেমি স্কুলে জসীম ও ভাসানীর নেতৃত্বে ব্যালটে সিল মারা হয়।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসীরা ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থান নেয়। বিষয়টি আগে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও র৵াবকে বিভিন্ন কেন্দ্র দখলের খবর সঙ্গে সঙ্গে টেলিফোনে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে আকরামের এজেন্ট, কর্মী, সমর্থকদের পুলিশের উপস্থিতিতে মারধর করে বের করে দেওয়া হয়েছে৷
সিইসিকে দেওয়া আবেদনে আকরাম বলেন, ‘নির্বাচনের আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিবন্ধকতাগুলো আপনার (সিইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল৷ কিন্তু দুঃখের বিষয় হলো, দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।’