জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পদ্ধতি পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সরকারি আনন্দ মোহন কলেজের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শহরে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন।
দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন চলে। এতে কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তাঁরা ৮ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত স্নাতক (সমঞ্চান) দ্বিতীয় বর্ষের ফলাফলের কিছু অসংগতি তুলে ধরেন। তাঁরা যেকোনো এক বিষয়ে কৃতকার্য হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পরের বর্ষে উত্তীর্ণ করার দাবি জানান। এ ছাড়া বর্তমান গ্রেডিং পদ্ধতি বাতিল, সৃজনশীল পদ্ধতির সুনির্দিষ্ট মান বণ্টন সম্পর্কে আগে থেকেই অবহিত করা, বর্ষজট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে প্রতি বর্ষে ২১০ দিন পাঠদান নিশ্চিত করা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষার ফল তিন মাসের মধ্যে প্রকাশ করার দাবি জানান শিক্ষার্থীরা। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তাঁরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।