জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফল প্রকাশের এক বছর পর গত ২৭ জানুয়ারি তা সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে। কিন্তু এরপর দুই মাস পেরিয়ে গেলেও ফলাফলের বিষয়ে প্রশাসনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রে গতকাল বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের ৩৮ ব্যাচের শিক্ষার্থী রাসিফ ইকবাল। তিনি জানান, ২০১৩ সালে ৩৮ ব্যাচের স্নাতক (চূড়ান্ত) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় আট মাস পর গত বছর ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশিত হয়। এরও প্রায় এক বছর পর পঞ্চম সমাবর্তনের সনদ তৈরির সময় পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় প্রকাশিত ফলে ভুল পায়।
এ পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি সংশোধিত ফল প্রকাশ করা হয়। এবারও দুজনের ফল ভুল করা হয়। আবার তা সংশোধন করা হয়। তৃতীয় দফায় ফলাফল প্রকাশের পর দেখা যায়, ৬৩ শিক্ষার্থীর সিজিপিএ কমে গেছে এবং অপরিবর্তিত রয়েছে সাতজনের। তা ছাড়া সিন্ডিকেটের সভায় তিনবার প্রকাশিত ফলাফলের কোনোটিই এখনো চূড়ান্ত করা হয়নি। এতে বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষা ও বিদেশে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের।
অপরদিকে ভুল ফলাফল প্রকাশের ঘটনায় ১২ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠিত হয়। কিন্তু এ কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে প্রথম প্রকাশিত ফল বহাল এবং এ-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যে তা করা না হলে প্রশাসনিক ভবন ঘেরাও, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অধ্যাপক আমির হোসেন জানান, শনিবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপরই ফলাফল চূড়ান্ত করতে তা সিন্ডিকেটের সভায় পাঠানো হবে।
সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন জানান, সঠিক ফল বহাল রাখা হবে। ভুল ফল বহাল রাখার কোনো সুযোগ নেই।