ফলে ফরমালিন পরীক্ষা দোকান বন্ধ করে চম্পট
সিলেট নগরের রিকাবিবাজার মোড়ে মৌসুমি ফলের ২০-২৫টি দোকান। একটি দোকানে ফরমালিন-কার্বাইড পরীক্ষার যন্ত্র নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি দল হাজির হয়। ওই দোকানে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে৷ ফরমালিন পরীক্ষা করা হচ্ছে শুনে আশপাশের ফলের দোকানগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দোকানিরা চলে যান। সিটি করপোরেশনের বাজার শাখা সূত্র জানায়, ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়ে খাদ্যদ্রব্যে ফরমালিন-কার্বাইড ব্যবহার বন্ধ করার ঘোষণা গত তিন দিন নগরজুড়ে মাইকে প্রচার করা হয়। তিন দিন পর গতকাল রিকাবিবাজারে একটি ফলের দোকানে অভিযান শুরু হলে ফলের দোকানগুলো দ্রুত বন্ধ করে ব্যবসায়ীরা যে যাঁর মতো চলে যান।
রিকাবিবাজারের ফল ব্যবসায়ী সৈয়দ আবদুল আজিজ বলেন, ‘আমরা পাইকারি বাজার থেকে এসব ফল কিনে আনি৷ ফলে ফরমালিন বা কার্বাইডের গ্রহণযোগ্য মাত্রা কতটুকু, তা আমরা জানি না৷’ তাঁর অভিযোগ, অভিযানের সময় সাধারণত গণহারে বিক্রেতাদের জরিমানা করা হয়৷ এ কারণে অভিযানের সময় তিনি দোকান বন্ধ করে চলে এসেছেন বলে জানান৷
তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মেয়রের নেতৃত্বে বিএসটিআইয়ের একজন বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেটসহ সিটি করপোরেশনের দল অভিযান চালায়। একটি দোকানে আঙুর ও লিচুতে উচ্চ মাত্রায় ফরমালিন পাওয়ায় দোকানমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলাকালে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন৷ এ অবস্থায় মেয়র অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে গতকালের কার্যক্রম শেষ করেন৷
মেয়র সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্যের বিকল্প নেই। ফরমালিনের ব্যবহারে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে প্রবাসী-অধ্যুষিত সিলেটে বিষয়টি ভীতিকর। প্রবাসীরা দেশে আসার পর ফল খাওয়া নিয়ে দ্বিধায় পড়েন। কী খাচ্ছেন—এ নিয়ে তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়। এ জন্য এ অভিযান দেশীয় ফলের মৌসুমজুড়ে অব্যাহত থাকবে।