ফলে ফরমালিন ৬৯ মণ আম, এক ট্রাক লিচু ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এবং এর অদূরে আশুলিয়ায় আম ও লিচুতে ফরমালিন মেশানোর দায়ে গতকাল বুধবার রাতে তিন ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত প্রায় ৬৯ মণ আম ও এক ট্রাক লিচু ধ্বংস করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, ফরমালিন ও কার্বাইড মেশানো ফলের চালান রোধ করতে রাত আটটার দিকে রাজধানীর আটটি প্রবেশপেথ তল্লাশি চৌকি বসায় ডিএমপি৷ এতে সহায়তা করে ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই।
ডিএমপির সূত্র জানায়, রাত পৌনে ১২টার দিকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে সাড়ে ১৮ মণ আমভর্তি একটি পিকআপের গতিরোধ করা হয়৷ এরপর আম পরীক্ষা করে ১০ দশমিক ০৯ পিপিএম মাত্রার ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়৷ আমের মালিক আবদুল ওয়াদুদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম খন্দকার মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ২ পিপিএম মাত্রার ফরমালিন মানুষ গ্রহণ করতে পারে। কিন্তু জব্দ করা আমে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে ১০ দশমিক ০৯ পিপিএম।
আশুলিয়ার ধউর সেতুর কাছে ফরমালিনযুক্ত ৫০ মণ আম ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। ফরমালিন মেশানোর দায়ে আবদুল জলিল ও হোসেন আলীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই স্থানে ফরমালিন মেশানো এক ট্রাক লিচু ধ্বংস করা হয়। লিচুর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।