ফলে ফুলে সাজানো বাগান
আমের মৌসুমে গাছে আম ধরবে, এ আর নতুন কী? নতুন হলো, শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠটি যেন পরিণত হয়েছে আমবাগানে। হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, লক্ষ্মণভোগ, তোতাপুরি, কহিতুর, আম্রপালি, সুবর্ণরেখার মতো চেনাজানা আম তো আছেই, সঙ্গে অচেনা ম্যাট্রেস, পালমার, মহাচান এমনকি সূর্যডিম নামেরও আম আছে। হরেক প্রজাতি। তাদের শাখায় শাখায় ঝুলে আছে লাল, হলুদ, লম্বা, গোল কাঁচাপাকা আমের গুচ্ছ। গাছপালা অবশ্য আরও আছে; ফল, ফুল, বাহারি পাতার। তবে আমের মৌসুম বলেই বোধ হয় টবে লাগানো ফলধরা গাছগুলো রাখা হয়েছে সামনে। সে কারণে বৃক্ষমেলায় ঢুকলে আমবাগানের কথা মনে পড়ে।জুনের প্রথম দিন থেকে বরাবরের মতো শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা। আগে মেলা হতো জাতীয় প্যারেড স্কয়ারে। গত বছর থেকে হচ্ছে বাণিজ্য মেলার মাঠে। মাসব্যাপী বৃক্ষমেলায় এবার ১০টি সরকারি প্রতিষ্ঠানসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১০৯। লোকজনকে গাছ লাগাতে উত্সাহী করতে ১৯৯৩ সালে বন বিভাগের আয়োজনে ঢাকায় শুরু হয়েছিল বৃক্ষমেলা। এখন উপজেলা পর্যায় পর্যন্ত এই মেলা হচ্ছে। এবার মেলা ও অভিযানের প্রতিপাদ্য, ‘সবুজ নগর সবুজ দেশ বদলে দেবে বাংলাদেশ’।তথ্যকেন্দ্রের হিসাবে দেখা গেল, ৯ জুন পর্যন্ত মেলায় বিক্রি হয়েছে এক লাখ ২৫ হাজার ৪৪০টি চারা। টাকার অঙ্ক ৫৩ লাখ আট হাজার ৫৯৫। কিন্তু নার্সারির মালিকেরা প্রসন্ন নন। তাঁদের মতে, আগের চেয়ে বিক্রি মন্দা। কারণ, মেলায় এবার লোকসমাগম কম। উপকরণ নার্সারির খন্দকার শরিফুল আলম বললেন, জায়গা বদল হয়েছে, অথচ মেলার প্রচার তেমন হয়নি। আগে রোকেয়া সরণির পাশেই মেলা হতো বলে যাতায়াতের সময় লোকের নজরে পড়ত। এবার অনেকেই মেলার কথা জানেন না। এনএমএন ফাউন্ডেশনের পরিচালক আবু হানিফ জানালেন, তাঁদের নার্সারিতে আমগাছের মধ্যে আছে আম্রপালি, হাঁড়িভাঙা, মল্লিকা, সুবর্ণরেখা, ল্যাংড়া, কাঁচামিঠা, গোপালভোগ, হিমসাগর, ভাতসারা, ফজলি, বারোমাসি ইত্যাদি। লিচুর মধ্যে আছে বেদানা, চায়না-৩, বোম্বাই ও মাদ্রাজি। এ ছাড়া অন্যান্য ফলের মধ্যে আছে নানা জাতের কুল, আমড়া, আমলকী, কামরাঙা, আতা, বেদানা, জামরুল, করমচা, পেয়ারা, জাম্বুরা, মিষ্টি তেঁতুল, লেবু, লটকন, চালতা ইত্যাদি। পলিপ্যাকের ছোট চারার দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। টবে লাগানো ফলধরা গাছ এক হাজার টাকা থেকে বিভিন্ন দামের মধ্যে পাওয়া যাচ্ছে। শতাধিক ঔষধি ও বিলুপ্তপ্রায় গাছের বিশেষ সংগ্রহ রয়েছে হর্টাস ফাউন্ডেশনের নার্সারিতে। হর্টাসের পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ববিদ নূরুল আমিন জানালেন, দোকান বরাদ্দ নিয়ে কিছু অনিয়ম হয়েছে। তাঁদের স্টলে বিলুপ্তপ্রায় পারুল, কুর্চি, শ্বেতচিতা, রক্তচিতা, চালমুগড়া, হাড়জোড়াসহ বিভিন্ন ঔষধি, বনজ ও ফলদ গাছের চারা পাওয়া যাবে। অর্কিড-ক্যাকটাসের প্রচুর সংগ্রহ আছে ব্র্যাকের স্টলে। তাদের উদ্যান ব্যবস্থাপক শাহনাওয়াজ মুমতাজ জানালেন, থাইল্যান্ড থেকে আনা নতুন ধরনের আমের চারার সঙ্গে টবে ঝুলিয়ে রাখার বেশ কিছু লতাগুল্ম ও ক্যাকটাস আছে, যার দাম ৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। বাণিজ্য মেলার বিশাল মাঠে মেলা আয়োজন করায় স্টলগুলোর পরিসর বেড়েছে। স্টলের সামনে দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ফলধরা গাছের টব। আম, লেবু, জামরুল, করমচা, ডালিমের গুচ্ছ ঝুলছে গাছে গাছে। এ ছাড়া আছে গোলাপ, বেলি, বেগুনিয়া, নয়নতারাসহ রকমারি ফুলের সমারোহ। ঝুলিয়ে রাখা টবে দুলছে ভেন্ডা, ডেনড্রবিয়ামের মতো অর্কিডের ফুল। ফল-ফুল-পাতার নিবিড় সমাবেশে বড়ই মনোরম পরিবেশ বৃক্ষমেলার, যেন সাজানো বাগান।