ফলে রাসায়নিক ঠেকাতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলে রাসায়নিক দ্রব্য ঠেকাতে নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

এ ব্যাপারে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। ওই রিটের শুনানি শেষে ২০১০ সালের ১০ মে এক সংক্ষিপ্ত রায় দেন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আজ প্রকাশিত রায়ে বলা হয়, ফল পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে ছয় মাসের মধ্যে গাইডলাইন করতে হবে। এই গাইডলাইন প্রশাসনের মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। ছয় মাসের মধ্যে দেশের সব স্থল ও সমুদ্রবন্দরে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপন করতে হবে, যাতে আমদানি করা সব ফল রাসায়নিক পরীক্ষা ব্যতিরেকে ছাড়পত্র না হয়। আমের মৌসুমে ফলে রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে রাজশাহীসহ দেশের অন্যান্য উত্পাদনকারী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে।

রায়ে বলা হয়, কমিটি করে বছরব্যাপী ফলের বাজার ও সংরক্ষণাগার পর্যবেক্ষণ করতে হবে, যাতে কেউ রাসায়নিক দ্রব্য মিশ্রিত ফল বিক্রি করতে না পারে। ফলে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সার্কুলার জারি করতে হবে, যাতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা যায়। বাসস