ফলে রাসায়নিক দ্রব্য মেশানো বন্ধে হাইকোর্টের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলে রাসায়নিক দ্রব্য মেশানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেন হাইকোর্ট। এতে বিভিন্ন ফলের আড়ত ও বাজারে রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রি ঠেকাতে বিএসটিআই ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।অপর নির্দেশনায় রাসায়নিক পদার্থ মেশানো বন্ধে কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করতে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রি বন্ধে ফলের বাজার তদারকি করতে একটি পরিদর্শক দল গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাসায়নিক পদার্থযুক্ত ফল আমদানি বন্ধে দেশের তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। রাসায়নিকযুক্ত ফল আমদানি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ফলে রাসায়নিক দ্রব্য মেশানো বন্ধে বাগান থেকে আম বাজারজাতকরণের ক্ষেত্রে প্রহরা ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহীর ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।