পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘কাজ চলছে। আশা করি ফলাফল আসবে।’ হত্যাকাণ্ডে অংশ নেওয়া মোটরসাইকেল আরোহী তিন যুবকের পরিচয় ও অবস্থান শনাক্ত করা গেছে কি না—এই প্রশ্নের জবাবেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাহমুদা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করতে দেখা গেছে। তবে বৈঠকের বিষয়ে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
এদিকে অন্য আরেক মামলায় জেএমবি সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কারাগার থেকে আনা হয়নি। মাহমুদা হত্যার বিষয়ে বুলবুল আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানায়।