ফলের আড়ত-দোকানে আজ ধর্মঘট

‘ভুল যন্ত্রের’ মাধ্যমে ফরমালিনের মাত্রা পরীক্ষার নামে ফলমূল ধ্বংস ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে আজ শনিবার দোকান ও আড়তে ধর্মঘটের ডাক দিয়েছেন ফল ব্যবসায়ীরা। দাবি না মানলে ফল আমদানিও বন্ধের ঘোষণা দেন তাঁরা।
গতকাল শুক্রবার সকালে পুরান ঢাকার বাদামতলী ফলের আড়তে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
একই দাবিতে আজ সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এ ছাড়া আগামী সোমবারের মধ্যে সরকার ফল ব্যবসায়ীদের দাবি না মানলে, আমদানি করা ফল নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাসগুলোতে চিঠি ও সব ধরনের বিদেশি ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি৷
ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, দেশের বাণিজ্য নীতিমালা ও রেফ্রিজারেটর কনটেইনারে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশ থেকে তাজা ফল আমদানি করে আসছেন আড়তদার ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব ফল পরীক্ষা-নিরীক্ষা করেই ছাড়পত্র দেয়। তাই এতে ফরমালিন বা রাসায়নিক পদার্থ থাকার প্রশ্নই আসে না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফরমালিন পরীক্ষার নামে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এসব অভিযানে ফরমালডিহাইড-৩০০ নামের একটি ভুল যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই যন্ত্র দিয়ে ফরমালিন শনাক্তের নামে দেশি-বিদেশি ফলমূল ধ্বংস করা হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। হাজারো খুচরা বিক্রেতা এরই মধ্যে পুঁজি খুইয়ে পথে নেমে এসেছেন। এ ছাড়া গত কয়েক দিনে ফরমালিনবিরোধী অভিযানে কয়েক কোটি টাকার ফল জব্দ ও নষ্ট করা হয়েছ। অথচ যে (ফরমালডিহাইড-৩০০) যন্ত্রের মাধ্যমে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে, তাতে ফরমালিনের সঠিক উপস্থিতি নিরূপণ করা সম্ভব নয়৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি হাজী বয়রাত মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. সফী প্রমুখ।
বেশির ভাগ ফলের দোকান বন্ধ:ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির আহ্বানে গতকালও রাজধানীর বেশির ভাগ ফলের দোকান বন্ধ রেখেছিলেন দোকান মালিকেরা৷ তবে বিভিন্ন স্থানে কিছু দোকান খোলা থাকলেও আম ও লিচু ছিল না৷
ফল ফরমালিনমুক্ত করা, ফরমালিনমুক্ত অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধের দাবিতে গত বুধবার অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়৷
গতকাল বিকেলে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বাজারের সব কটি ফলের দোকান বন্ধ। ‘বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল চাই’¦এই স্লোগানসংবলিত কয়েকটি ব্যানার সেখানে ঝুলতে দেখা য়ায়৷ ‘আল্লাহর দান’ ফলের দোকানের মালিক মো.¯হারুন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের হয়রানির কারণে দোকান বন্ধ রাখছি৷ এহন শুধু দোকানের বাইরে আনারস বিক্রি করছি৷ অন্য কোনো ফল ভয়ে বিক্রি করি না৷’
বেলা ১১টার দিকে ফার্মগেটে অধিকাংশ ফলের দোকান বন্ধ ছিল৷ তবে যে কয়েকটি দোকান খোলা ছিল সেখানে আম ও লিচু দেখা যায়নি৷ এ ছাড়া বাদামতলী আড়তের পাশাপাশি সদরঘাট ও গুলিস্তান এলাকাতেও অধিকাংশ ফলের দোকান বন্ধ ছিল৷