ফলের উৎপাদন বাড়িয়ে পুষ্টি চাহিদা মেটাতে হবে: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ফলের উৎপাদন বৃদ্ধি এবং নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে দেশে পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করতে হবে। এতে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় ফলগুলোকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও উদ্যান ফসল উৎপাদনে পিছিয়ে আছে। এ কারণে পাহাড়ি ও উপকূলীয় জমিতে ফলের গাছ রোপণ ও বসতভিটাকে উদ্যান ফসলের আওতায় আনতে হবে।
কর্মশালায় আলোচকেরা বলেন, দেশের সাতটি বিভাগের ৪৫টি জেলার ৩৬২টি উপজেলায় ফল উৎপাদনের এ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপযোগী এলাকা নির্বাচন করেছে। পার্বত্য ও দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া জেলাগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
স্বাগত বক্তব্যে প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. মেহেদী মাসুদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষ ও অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন। বিজ্ঞপ্তি