ফলের কার্টনে ১৫৫টি কচ্ছপ নিজস্ব প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলের কার্টনে ভরে ভারত থেকে বাংলাদেশে পাচার করে আনা ১৫৫টি কচ্ছপ যশোরে আটক করা হয়েছে। তিনটি কার্টনে থাকা এসব কচ্ছপ গত বৃহস্পতিবার আটক করেন বন বিভাগ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ঢাকার বন সংরক্ষকের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কচ্ছপগুলো যশোরের বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হয়। পরে বেনাপোল থেকে কচ্ছপের চালানটি কাভার্ড ভ্যানে করে যশোর শহরের জুমজুম এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে নেওয়া হয়। খবর পেয়ে বিজিবি ও বন বিভাগ ওই কার্যালয়ে অভিযান চালিয়ে কচ্ছপবোঝাই কার্টন তিনটি আটক করে। তবে অভিযানের আগেই পাচারকারীরা পালিয়ে যায়। কচ্ছপগুলো তাৎক্ষণিকভাবে ঢাকার আগারগাঁওয়ে বন ভবনে নিয়ে আসা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কচ্ছপগুলোর মধ্যে ৮৭টি শিলা ও ৬৮টি কালিকাইট্টা প্রজাতির। এই দুটি বাংলাদেশে বিপদাপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। এসব প্রজাতির আবাসস্থল গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার পাহাড়ি এলাকায়।এর আগে ১৭ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কচ্ছপের একটি চালান আটক হয়। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, এ দুই চালানের সঙ্গে একই পাচারকারী দলের সম্পৃক্ততা রয়েছে।