ফলের জন্য ৪৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুটি বড় পাবলিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তোড়জোড় চলছে। আগামী ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ২৮ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে। এ দুটি পরীক্ষায় মোট অংশ নিয়েছে প্রায় ৪৫ লাখ শিশু-কিশোর।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, এই দুটি পরীক্ষা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ব্যাপক সাড়া ফেলেছে। পড়াশোনা, প্রস্তুতি ও পরীক্ষা নিয়ে শিশু-কিশোরদের এই আগ্রহ শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল কাগজ ছাড়াই (পেপারলেস) প্রকাশ করা হবে। ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের ই-মেইলে এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া কেন্দ্রসচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধানেরা ফল সংগ্রহ করতে পারবেন।বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.cducationboardresults.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে প্রতিষ্ঠানের F-IIN এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে। ফল ডাউনলোড করার পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।এ ছাড়া নির্ধারিত শর্ট কোডে (16222) SMS) করে ফল পাওয়া যাবে। SMS-এর মাধ্যমে ফলপ্রাপ্তির পদ্ধতি টেলিটক বাংলাদেশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।এবার শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ের নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এ পদ্ধতিতে পাঁচটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে: নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর পাসের হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ। জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন।এদিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫।