ফলের রস ভেবে বিষ পােন শিশুর মৃত্যু
পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করতে জুসের বোতলে কীটনাশক মিশিয়ে ঘরে লুকিয়ে রেখেছিল বড় বোন। জুস ভেবে সেই কীটনাশক খেয়ে মারা গেল ছোট বোন আরিফা আক্তার (৫)। গত সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আনোয়ার হোসেন ও আম্বিয়া আক্তারের মেয়ে।
আম্বিয়া আক্তার জানান, রোববার বড় মেয়ে নাইস আক্তারের (১৩) সপ্তম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১২টি বিষয়ের মধ্যে একটিতে সে ফেল করে। নাইস খবর পায় সে অষ্টম শ্রেণিতে উঠতে পারবে না। এ অবস্থায় স্কুল থেকে ফেরার পথে একটি জুস (প্যাকেটজাত ফলের রস) কিনে নিয়ে আসে। জুসের বোতলে কীটনাশক মিশিয়ে ঘরের টেলিভিশনের পাশে লুকিয়ে রাখে।
আম্বিয়া আক্তার আরও জানান, ওই দিন সন্ধ্যায় নাইসের আনা জুস খায় ছোট মেয়ে আরিফা ও ছেলে আবদুল্লাহ (৮)। তারা বড় বোনের জন্য কিছুটা রেখে দেয়। ওই জুস খেয়ে দুই ভাইবোন ছটফট করতে শুরু করে। তাদের এ অবস্থা দেখে নাইস বোতলের জুসের বাকিটুকু খেয়ে ফেলে। পরে তিন ভাইবোনকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরিফা ও আবদুল্লাহকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। আবদুল্লাহ এখনো আশঙ্কামুক্ত নয় বলে ডাক্তাররা জানিয়েছেন। নাইসের অবস্থা কিছুটা ভালো।
নাইস আক্তার পড়ে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, ওই শিক্ষার্থী শুধু অঙ্কে ফেল করেছে। তবু তাঁরা নাইসকে অষ্টম শ্রেণিতে নিচ্ছেন। নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই গোলাম হোসেন জানান, যশোরে আরিফার ময়নাতদন্ত হবে।