ফলের ১০৪টি নমুনায় ফরমালিন পায়নি বিএসটিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ফলের ১০৪টি নমুনা পরীক্ষা করে তাতে ফরমালডিহাইডের (ফরমালিন) উপস্থিতি পায়নি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে ৬৮টি নমুনা বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। আর ৩৬টি নমুনা অভিযানকালে পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক উপস্থিত ছিলেন।

নমুনাগুলোর মধ্যে ১১টি খেজুরের, ৪৫টি আমের, ৬টি লিচুর, ১৪টি মাল্টার, ২১টি আপেলের ও ৭টি আঙুরের।

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই যেসব নমুনা পরীক্ষা করেছে, তাতে ফরমালডিহাইডের উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে এই নয় যে সব ফল নিরাপদ। পরীক্ষার আওতায় না আসা ফলগুলোতে ফরমালডিহাইড থাকতে পারে। এ জন্য অভিযান ও পরীক্ষা চলবে।