ফসল ও বাঁধ রক্ষায় কৃষকের প্রাণান্ত চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের ১২ হাজার একরের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। হাওর রক্ষা বাঁধে নিম্নমানের কাজ করার অভিযোগে আজ সুনামগঞ্জের দিরাই-শাল্লায় বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দুই দিনের বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন দুটি রাবারড্যাম হুমকির মুখে পড়েছে। এদিকে সাতক্ষীরায় বাঁধ রক্ষা করতে কৃষকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।কিশোরগঞ্জে ১২ হাজার একরের ধান পানির নিচে: মিঠামইন, ইটনা ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি কয়েক দিন ধরে বেড়েই চলেছে। নদীর দুই কূল ছাপিয়ে পানি যেকোনো সময় হাওরে ঢুকে পড়তে পারে। এরই মধ্যে তলিয়ে গেছে নদী-তীরবর্তী নিচু এলাকার ১২ হাজার একর জমির ফসল। ফসল রক্ষা করতে নদীর তীরে মাটি কেটে বাঁধ তৈরি করছেন কৃষকেরা।মিঠামইন উপজেলার ঢাকি, চারিগ্রমি, ফুলপুর, কাঞ্চনপুর এলাকার সাত হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমান জানান, পানির স্রোত প্রবল। এ অবস্থা দু-এক দিন অব্যাহত থাকলে বাকি ফসল তলিয়ে যাবে।পার্শ্ববর্তী ইটনা উপজেলার ধনু ও ডুবি নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে পাঁচ হাজার একর জমির ধান। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে নিচু এলাকার অনেক জমির ফসল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বোরোর লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে।দিরাই-শাল্লায় সমাবেশ আজ: সুনামগঞ্জের দিরাই-শাল্লার সব কটি হাওর রক্ষা বাঁধে নিম্নমানের কাজের প্রতিবাদে দিরাই বিএনপি আজ সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় কৃষকেরা দিনরাত মাটি কেটে যাচ্ছেন। এখনো সুরমা, কালনী ও দ্বাড়াইন নদীর পানি বিপৎসীমার ৬ দশমিক ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।হাওর উন্নয়ন কমিটির সভাপতি নাজিরউদ্দিন বলেন, ‘আমরা পাঁচ দিন ধরে না ঘুমিয়ে দিনরাত মাটি কাটছি। কিন্তু আজও ঠিকাদারদের মুখ দেখিনি। তাঁরা ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আঁতাত করে বাঁধে কাজ না করেই চলে গেছেন।’ চকরিয়ায় হুমকির মুখে দুটি রাবারড্যাম: গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে মাতামুহুরী নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে নির্মিত দুটি অস্থায়ী বাঁধ ভেঙে গেছে। এতে বাঁধ দুটির ওপর নির্ভরশীল কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ৬০ হাজার একর জমির বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। বাঁধ দুটির সামান্য নিচে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানুয়ারির শেষের দিকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে দুটি রাবারড্যামের নির্মাণকাজ শুরু করে। বাঁধ ভেঙে যাওয়ায় এ প্রকল্পের কাজও হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিন দিন ধরে মাতামুহুরীর উৎপত্তিস্থল বান্দরবানের লামা ও আলীকদমের পাহাড়ে ভারী বৃষ্টিপাত হলে নদীতে আকস্মিকভাবে পানি বেড়ে যায়। কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান জানান, পানির চাপ কমাতে স্লুইসগেটগুলো খুলে দেওয়া হয়েছে। তার পরও রাবারড্যাম প্রকল্পের রিং বাঁধগুলো চরম ঝুঁকিতে পড়েছে। রিং বাঁধ ভেঙে গেলেই রাবারড্যামের অবকাঠামো তলিয়ে যাবে।সাতক্ষীরায় বাঁধ সংস্কারের চেষ্টা: কালীগঞ্জ উপজেলার সীমান্ত নদী ইছামতীর খারহাট নামক স্থানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে উপজেলার চারটি গ্রামসহ দেবহাটা ও আশাশুনি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এ বাঁধ ভেঙে গেলে কয়েক হাজার চিংড়িঘের ও ফসলের মাঠ তলিয়ে যাবে। পাউবোর কোনো উদ্যোগ না থাকায় এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কারকাজ করছেন।এলাকাবাসী জানান, গত শুক্রবার ইছামতী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি পাউবো কর্তৃপক্ষকে দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন। পাউবো-১-এর কালীগঞ্জ শাখার এসও এ কে আজাদ হোসেন জানান, খবর পাওয়ামাত্র তিনি ছুটে এসে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাঁধ মেরামতে অংশ নিয়েছেন।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ও সাতক্ষীরা; দিরাই (সুনামগঞ্জ), চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি]