ফসল কেটে আবাসন প্রকল্পের মাটি ভরাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিস্তি তুলে জমিত ধানগাছ লাগাছি। মাসখানেক পরেই পাকা ধানগাছ কাটা যেত। কিন্তু এখন মাটি ভরাট করায় হামাক গাঁমর (অপরিপক্ব) ধান ক্যাটে লিয়ে যাওয়া লাগোছে। কিস্তি ক্যামনে দিমু এই চিন্তা হামাক কুরে খাওচে।’ এ কথাগুলো নওগাঁর বদলগাছী উপজেলার কৃষক এনামুল হকের (৩৫)। কয়েক দিন আগে উপজেলার হাস্তার বিলের বনগ্রাম মৌজার এক বিঘা জমি থেকে ধানগাছ কাটার সময় তিনি এসব কথা বলেন।নওগাঁর বদলগাছী উপজেলার হাস্তার বিলের মাঠে ১৪ একর ২০ শতক খাসজমি রয়েছে। এই জমিতে কৃষকেরা এবারও বোরো ধান আবাদ করেছিলেন। কিন্তু একটি আবাসন প্রকল্পের আওতায় এসব জমিতে মাটি ভরাট করার কাজ শুরু করায় এনামুল হকের মতো অর্ধশতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকার আগেই তাঁদের কষ্ট করে লাগানো ধান কেটে ফেলতে হচ্ছে। এতে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেছেন, ওই আবাসন প্রকল্পের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মামলার ভয় দেখিয়ে তাঁদের ধান কাটতে বাধ্য করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেন, স্থানীয় প্রশাসন মাটি কাটার আগে তাঁদের কিছুই জানায়নি। ধারদেনা করে তাঁরা জমিতে বোরো ধান লাগিয়েছেন। অল্প দিনের মধ্যেই সেই ধান ঘরে আসত। আগে তাঁদের জানালে তাঁরা খাসজমিতে ধান চাষ করতেন না। মাটি ভরাট করায় তাঁদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁর বদলগাছী উপজেলায় হাস্তার বিলের মাঠ। ওই মাঠের বদলগাছী উপজেলা অংশের বনগ্রাম মৌজায় ১৪ একর ২০ শতক জমিখাস রয়েছে। আক্কেলপুর অংশে খাল খনন করায় বদলগাছী অংশে খাসজমি জেগে ওঠে। বদলগাছী উপজেলার চকতাহের, বনগ্রাম ও কোলা গ্রামের অর্ধশতাধিক কৃষক ২০-২৫ বছর ধরে এসব খাসজমিতে চাষ করছেন।সরেজমিনে দেখা গেছে, হাস্তার বিলের এক পাশে বিশাল মাঠে ধানগাছে সবুজের সমারোহ। এখনো এসব গাছ থেকে ধানের শিষও বের হয়নি। অন্য পাশে শিষ না আসা এসব ধানগাছ কেটে মাটি ভরাটের কাজ চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে হাস্তার বিলের খাসজমিতে বনগ্রাম আবাসন প্রকল্পের আওতায় ভূমিহীন ও বাস্তুহারা মানুষের জন্য ঘর করার উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় ওই খাসজমিতে মাটি ভরাটের কাজ চলছে। পিআইওর কার্যালয় এ কাজ বাস্তবায়ন করছে। এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করতে হবে বলে কৃষকদের জমির ধানগাছ কাটতে হয়েছে। বনগ্রাম আবাসন প্রকল্পের মাটির ভরাট প্রকল্পের সভাপতি মনোয়ার হোসেন বলেন, ‘প্রকল্পের মেয়াদ কম থাকায় মাঠের গাঁমর ধান কেটে আমাকে কাজ শুরু করতে হয়েছে।’ জোর করে জমির ধান কাটার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘সরকারি জায়গায় সরকারি কাজ হচ্ছে। এখানে আমার জোর খাটানোর প্রয়োজন নেই।’বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, বনগ্রাম মাঠে আবাসন প্রকল্পে মাটি ভরাটের জন্য ৮০০ টন গম বরাদ্দ পাওয়া গেছে। এপ্রিল মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে। মাটি ভরাটের কাজ চলছে।বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান বলেন, ‘প্রকল্প অনুমোদনের সময় ওই বিলে কোনো ফসল ছিল না। আমরা মৌখিকভাবে কৃষকদের মাঠে চাষাবাদ করতে নিষেধ করেছি।’