ফসল জাগলেও দুশ্চিন্তা কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি কমে যাওয়ায় ফসল জেগে উঠেছে। কিন্তু শ্রমিকের অভাব ও বেশি মজুরির কারণে ধান কাটতে পারছেন না কৃষক। অন্যদিকে আবারও পাহাড়ি ঢল ও বৃষ্টির আশঙ্কায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
যোগানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, জেগে ওঠা খেতে ফলন কম হয়েছে। কৃষিশ্রমিকের মজুরি বেশি হওয়ায় অনেকেই তা-ও কাটতে পারছেন না। এতে কৃষকেরা নতুন করে ক্ষতির শিকার হবেন।
এলাকার কৃষক, জনপ্রতিনিধি ও কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উজান থেকে নেমে আসা ঢলের পানি মালিঝি ও চেল্লাখালী নদী দিয়ে নালিতাবাড়ীতে ঢোকে। এতে কলসপাড় ইউনিয়নের উত্তর, দক্ষিণ ও মধ্যনাকশি গ্রামের প্রায় ৫০০ একর জমির ধান ডুবে যায়। ২৩ এপ্রিল বাঘবেড় ইউনিয়নের উত্তর সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে যোগানিয়া ইউনিয়নের ৫০০ একর ফসল ডুবে যায়। এসব ফসল ৮ থেকে ১০ দিন পানির নিচে ছিল। গত সোমবার থেকে ঢলের পানি কমে যাওয়ায় ও তিন দিন ধরে বৃষ্টি না থাকায় এসব বিলের অধিকাংশ জমি থেকে পানি নেমে গেছে। এ কারণে ডুবে যাওয়া ধান জেগে উঠছে। তা কাটতে কৃষকেরা শ্রমিকের কাছে ধরনা দিচ্ছেন।
উত্তর নাকশি গ্রামের কৃষিশ্রমিক মোজাম্মেল হক বলেন, ‘ধানখেত পইচ্চা পানি নষ্ট অইয়া গেছে। এই পানি সইলে কামুর মাইরা ধরে। এ ছাড়া প্রচুর জুকের অত্যাচারে কামলারা ধান কাটতে বেশি টেহা চায়। তাই কম মজুরিতে কেউ ধান কাটবার চায় না।’
গত মঙ্গল ও বুধবার তিনটি গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমি থেকে পানি সরে গেছে। ফসল জেগে উঠেছে। তবে অনেক খেতের ফসল নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক পরিবার ধান কাটা, শুকানো ও সেদ্ধ করছে।
নগরপাড়া গ্রামের ছফর আলী বলেন, ‘ঋণ কইরা এক একর জমি আবাদ করছিলাম। ফসলও ভালাই অইছিল। কিন্তু ঢলের পানিতে ৮-১০ দিন ফসল ডুইবা আছিল। তিন দিন অয় ফসল জাগছে। দিন চুক্তি একজন কামলা এক হাজার টেহা চায়। তাইলে ধান কাইটা কিছুই থাকত না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল গতকাল বলেন, কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে। ডুবে থাকা খেত থেকে অনেকেই ফসল কাটছেন। তবে তুলনামূলকভাবে ফলন কম। তবে নিম্নাঞ্চল হওয়ায় ধান কাটতে মজুরি হিসেবে তাঁরা বেশি টাকা দাবি করছেন।