ফসল তোলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামে গত শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমির ফসল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার বাঙ্গিলা গ্রামের আকুব আলী সরদারের সঙ্গে প্রতিবেশী ইসমাইল হোসেন সরদারের ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আকুব আলী সরদার বিরোধপূর্ণ ওই জমিতে মুগ ডাল চাষ করেন। বিরোধ থাকায় দীর্ঘদিনেও ওই ডাল তোলা সম্ভব হয়নি। গত শনিবার বেলা আড়াইটার দিকে তাঁরা ওই মুগ ডাল তুলতে যান। এ সময় প্রতিপক্ষ বাধা দিলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাতে ইসমাইল সরদার লাঞ্ছিত হন। এ খবর পেয়ে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।আকুব আলী সরদারের ছোট ভাই সিরাজ সরদার অভিযোগ করেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন তাঁর ঘরে ঢুকে আসবাবপত্রসহ ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় এবং একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দেয়। প্রতিপক্ষ ইসমাইল হোসেন সরদার বলেন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি মামলা করেছে।