ফসল ফলায় দরিদ্র চরবাসী ভাগ নিয়ে যায় প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চরে হোগলার বন কেটে আবাদ শুরু করেছিলাম। দুই বছর ধরে নদীতীরবর্তী প্রভাবশালীরা জমির ফসলের তিন ভাগের এক ভাগ জোর করে নিয়ে যাচ্ছে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন চরজানপুরের বাসিন্দা আমজাদ সরদার। এ সময় সেখানে থাকা তাঁর মতো প্রায় ৫০ জন দরিদ্র চরবাসী একই অভিযোগ করলেন। তাঁদের সবার চোখেমুখে ক্ষোভ, হতাশা ও ভয়। কারণ, ফসলের ভাগ নিয়ে যাওয়া ব্যক্তিরা প্রভাবশালী এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী। ফসল দিতে অস্বীকৃতি জানানোয় চরের বেশ কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলাও করা হয়েছে।চরজানপুর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর একটি দুর্গম চর। এটি কোচাইপট্টি ইউনিয়নের অন্তর্গত। এর আশপাশে রয়েছে আরও কয়েকটি চর। সম্প্রতি চরজানপুরে গেলে এর বাসিন্দারা তাঁদের দুর্দশার কথা জানান। পার্শ্ববর্তী মাঝেরচর, চরমাইন্দারিসহ অন্য চরগুলোয়ও একই চিত্র। আমজাদ সরদার আরও বলেন, নদীভাঙনে সব হারিয়ে তিনি ১০ বছর আগে চরজানপুরে বসতি গড়েন। ওই চরের আলী আহমদ, মতি বেপারি, রতন বেপারি, মো. জাহাঙ্গীর, খলিলুর রহমান, নুরুল ইসলাম মাঝিসহ আরও অনেকে জানান, চরগুলোর প্রধান ফসল ‘সয়াবিন’। এটি বিস্কুটসহ বেকারির পণ্য তৈরিতে ব্যবহূত হয়। এ ছাড়া মরিচ, মিষ্টি আলু, ধনিয়া, কালিজিরা ও কিছু ধানেরও চাষ হয়। তাঁরা বলেন, প্রভাবশালীদের কাছে তাঁরা অসহায়। তাই মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েও এক-তৃতীয়াংশ দিয়ে দিতে হয় তাঁদের। ফসল না দিলে মিথ্যা মামলা দেওয়া হয়। মামলায় হাজিরা দিতে দিতে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। চরের কৃষকেরা অভিযোগ করেন, প্রভাবশালী এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুচাইপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ওরফে হাবু মালত, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লছুমউদ্দিন হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক খোকন বেপারি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম সরদার, গফুর সরদার, রফিজল হাওলাদার, মনির হাওলাদার প্রমুখ। এঁরা সবাই চর থেকে কয়েক কিলোমিটার দূরের নদীতীরবর্তী এলাকার বাসিন্দা। ফসলের ভাগ দেওয়ার বিষয়ে মধ্যস্থতা করেন কাসেম মুন্সী ও আমিরুল মাঝি। এ ছাড়া খোকন বেপারি ও স্থানীয় খলিলুর রহমান মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ জমির বন্দোবস্ত পাইয়ে দেওয়ার কথা বলে চরজানপুরের শতাধিক কৃষকের কাছ থেকে ৭০০ টাকা করে নিয়েছেন। কিন্তু কৃষকেরা জমির বন্দোবস্ত বা টাকা কোনোটিই এখনো পাননি।আবদুল্লাহ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা জমির মালিকানা দাবি করায় বন্দোবস্ত পাওয়া যায়নি। প্রয়োজনে কৃষকদের টাকা ফেরত দেওয়া হবে। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য খোকন বেপারির মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।হাফিজুর রহমান দাবি করেন, ১৯৬০-৬১ সালের এক মামলায় তাঁদের পূর্বপুরুষেরা চরের জমির মালিক হয়েছিলেন। জমির মালিকানা থাকায় তাঁরা ফসলের অংশ নিচ্ছেন। প্রভাবশালীদের ফসলের ভাগ পাইয়ে দিতে মধ্যস্থতার অভিযোগ প্রসঙ্গে কাসেম মুন্সী বলেন, গোসাইরহাট থানার চাপে তিনি এ কাজ করতে গিয়েছিলেন। তিনি বলেন, ওই চক্র অবৈধভাবে চরের গরিব কৃষকদের কাছ থেকে ফসলের ভাগ নিচ্ছে। তাঁরা ভুয়া কাগজপত্র তৈরি করে চরের জমি দখলেরও চেষ্টা করছেন।এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশিদুল হাসান জানান, প্রভাবশালীদের ফসলের ভাগ নেওয়ার অভিযোগ পেয়ে গত বছর তিনি চরজানপুরে গিয়ে অভিযোগের সত্যতা পান। কৃষকদের গত বছর বলে দেওয়া হয়েছিল, যে ফসল বুনেছে সে-ই ফসল পাবে, অন্য কাউকে ফসল নিতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, এসব চর আগে বরিশালের হিজলা উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ২০০৩ সালে খাসজমি হিসেবে সেগুলো শরীয়তপুরের অন্তর্ভুক্ত করা হয়। শরীয়তপুরের মোট ২২ হাজার ৩০০ একর খাসজমির মধ্যে চরাঞ্চলে রয়েছে ১৭ হাজার একর। শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, এসব চরের জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। স্থানীয় জোতদারদের মধ্যে দখলের প্রবণতা রয়েছে। চরগুলো দুর্গম বলে সব সময় নজরে থাকে না।