ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, রাত জেগে পাহারা
মাছ শিকারের উদ্দেশ্যে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সোনামড়ল হাওরের কুকুরমারা ফসল রক্ষা বাঁধের একটি অংশ কেটে দিয়েছে প্রভাবশালী একটি চক্র। বাঁধের আর কোনো অংশ যাতে না কাটতে পারে, সে জন্য স্থানীয় কৃষকেরা দুই সপ্তাহ ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন।
সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, বাঁধ কেটে ফেলার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌখিকভাবে জানিয়েছেন। বাঁধ কাটার সঙ্গে কারা জড়িত রয়েছে, সুনির্দিষ্টভাবে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, জাড়ারকোনা গ্রামের পেছনে কুকুরমারা ফসলরক্ষা বাঁধটির অবস্থান। এটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। বাঁধটির ভেতরে সোনামড়ল হাওরে নজরপুর, বড়ই, জারারকোনা, শেখের গাঁও, জয়শ্রী, সানবাড়ি, শান্তিপুর, ঘিরইল, বানারসীপুরসহ কয়েকটি গ্রামের প্রায় তিন হাজার একর ধানি জমি রয়েছে। ২১-২২ দিন আগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র মাছ শিকারের উদ্দেশ্যে বাঁধের উত্তর পাশের একটি অংশের প্রায় ৮-১০ ফুট কেটে ফেলে। বিষয়টি টের পেয়ে ওই স্থানে টিনের পাত ও বাঁশ দিয়ে পানির প্রবাহ বন্ধ করেন কৃষকেরা।
১৮ অক্টোবর দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বাঁধটির কাটা স্থান পানিতে তলিয়ে রয়েছে। সেখানে বেশ কিছু বাঁশ ও বাঁশের খুঁটি পোঁতা রয়েছে।
জারারকোনা গ্রামের কৃষক সামরল মিয়া বলেন, ‘মাছ মারার লাইগ্যা কিছু লোভী মানুষ মিইল্যা বানডার কতডা জায়গা কাইট্টা ফেলাইছে। আমারও এইহানে জমি আছে। বানডা কাইট্টা মাছ মারলে আমরার সর্বনাশ অইয়া যাইব। এইডা বাঁচাইবার লাইগা আমরা রাত জাইগা এইহানে পাহারা দিতাছি।’
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজুল আলম বলেন, বাঁধটি রক্ষায় কৃষকেরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপির চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, বাঁধটির কিছু অংশ কেটে ফেলার বিষয়টি এলাকার কৃষকেরা মৌখিকভাবে জানিয়েছেন। বাঁধ কাটার সঙ্গে কারা জড়িত, তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।