মাছ শিকারের জন্য সুনামগঞ্জের ধরমপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া-রাজাপুর সড়কে চন্দ্র সোনার থাল হাওড়ের বেড়িবাঁধের হুলাসখালী ফসল রক্ষা বাঁধে কয়েকটি স্থানে খাল কেটে দেওয়া হয়েছে। এতে আসন্ন বোরো আবাদ নিয়ে বিপাকে পড়তে পারেন কৃষক। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কিছু নেতা-কর্মী এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এলাকাবাসীর অভিযোগ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাসখালী গ্রামের আওয়ামী লীগের কর্মী কাছু মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, হুলাসখালী গ্রামের যুবলীগ কর্মী জিয়াউর রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মাছ ধরার সুবিধার্থে বাঁধের পাঁচটি স্থানে খাল কেটে পানিপ্রবাহের জন্য নালা তৈরি করেন। খালে স্থানীয় জেলেদের দিয়ে তাঁরা লাখ লাখ টাকার মাছ শিকার করছেন। অথচ বাঁধটিকে ঘিরে এখানকার কয়েক শতাধিক কৃষকের প্রায় পাঁচ হাজার হেক্টরে বোরো আবাদ হয়।সরেজমিনে দেখা যায়, বাঁধের বিভিন্ন স্থানে পাঁচটি খাল কাটা হয়েছে। ফলে জনগণ ফেরি নৌকা দিয়ে পারাপার হচ্ছে। খালগুলোতে পেতে রাখা হয়েছে ভিমজাল। পোনা মাছও এ জাল থেকে রেহাই পায় না। মাছ ধরায় নিয়োজিত আমিরুজ্জামান (৩৫) বলেন, ‘জিয়াউর রহমান ও কাছু মিয়া আমারে এহানে আনছে, আমি জাল নিয়া আইছি। দিন শেষে মাছ বিক্রির সমুদর টাকার চার ভাগের এক ভাগ আমারে দেওয়া হয়। বাহি টাহা তাঁরা নেন। পাঁচটি জালে ১৫ থেকে ১৬ লাখ টাহার মাছ ধরা হইছে।’ হরিপুর গ্রামের কৃষক মো. আজিজ মিয়া (৩৫) বলেন, ‘এইহানে হাজার হাজার কেয়ার জমি আছে, বাঁধটি বাছলে ফসল বাছে, খাল কাটার কামডা খুউব খারাব হইতাছে। ফসলের লাইগা ক্ষতি অইব।’ মহদীপুর গ্রামের কৃষক আবদুল জব্বার (৪৫) বলেন, ‘আমরার যে কী ক্ষতি হইতাছে তা ওরা কী বুঝব, অহন কিছু না অইলেও ভবিষ্যতে নেতারা এই আকামের ফল পাইব।’যুবলীগের নেতা সেলিম রেজা চৌধুরী এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। যুবলীগ কর্মী জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ‘সব সময়ই এমনটি হয়ে আসছে। সংগঠনের সবাই মিলেমিশে খাচ্ছি। এতে দোষের কিছুই নেই।’ জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আমাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দুই-তিনজন প্রভাবশালী নেতাও আছেন।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, মাছের লোভে এ সর্বনাশা কাজটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর সংগঠনের কেউ এতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান খান বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত নন, কেউ অভিযোগও দেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।