ফসল রক্ষা বাঁধে ফাটল, ১৫ হাজার হেক্টর প্লাবিত হওয়ার আশঙ্কা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের ৪০ শতাংশ কাজ এখনো বাকি আছে। এ অবস্থায় একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাঁধের কাজ শেষ না হওয়ায় এবং বাঁধের ওই অংশ ভেঙে গেলে হাওরের ১৫ হাজার হেক্টরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে চাষিরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কাজ করছেন এবং বাঁধ ভেঙে যাতে ফসল তলিয়ে না যায়, সে জন্য প্রার্থনা করছেন।কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গাফিলতির কারণে হাওরগুলোর ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। একই কারণে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বুধবার রাত থেকে হাওরের পাশে নদীতে পানি বাড়ায় ঝুঁকি বেড়ে গেছে। এ অবস্থায় স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কাজ করছেন।এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মইয়ার হাওরের নারিকেলতলা নামক বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসী মসজিদের মাইকে বাঁধ রক্ষার আহ্বান করেন। গতকাল শুক্রবার নলুয়ার হাওরের শালিকাবাঁধে কৃষকদের উদ্যোগে ফসল রক্ষার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।নারিকেলতলার বাসিন্দা আলতাবুর রহমান অভিযোগ করে বলেন, ‘নারিকেলতলার এ বাঁধে নিম্নমানের কাজ হয়েছে। সামান্য মাটি ফেলেই পিআইসির লোকজন কাজ বন্ধ করে দেয়। এ কারণে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এখন এলাকাবাসীর উদ্যোগে আমরা বাঁধ রক্ষার কাজ করছি।’কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, ‘আমার ইউনিয়ন থেকে শতাধিক কৃষককে নলুয়ার হাওরে বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করতে পাঠিয়েছি। আকস্মিকভাবে পানি বাড়ায় উপজেলার ১৫ হাজার হেক্টর বোরো ফসল ঝুঁকির মধ্যে রয়েছে।’ভুরাখালী গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, ‘নলুয়ার হাওরের রাখাল গাছতলা বেড়িবাঁধে নিম্নমানের কাজ হওয়ায় বাঁধে ফাটল দেখা দেয়। পরে আমরা নিজেদের উদ্যোগে ৩০ হাজার টাকা খরচ করে সংস্কারকাজ করেছি।’উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বলেন, নলুয়ার হাওরের শালিকা, হামাহামি, রাখাল গাছেরতলা, ভুরাখালী ও মইয়ার হাওরের নারিকেলতলা ও কলইকাঁটা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘পাউবো যথাসময়ে বরাদ্দকৃত টাকা না দেওয়ায় কাজ সময়মতো শেষ হয়নি। পাউবোর গাফিলতির কারণে আমরা পিআইসির সদস্যরা বিপাকে পড়েছি।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘বৃহস্পতিবার হাওর ঘুরে যেসব এলাকায় সমস্যা দেখেছি, সেসব স্থানে দ্রুত কাজ শেষ করতে বলেছি। ঠিকাদারেরা কাজ শুরু করেছেন। আশা করছি আর সমস্যা হবে না।’জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ বলেন, পিআইসি প্রথাকে বিতর্কিত করতে পাউবো সময়মতো বরাদ্দ দেয়নি। যে কারণে পিআইসির সঙ্গে সম্পৃক্তরা বিপাকে পড়েছেন।