ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি, চিন্তায় কৃষক
সুনামগঞ্জে অকালবন্যার কবল থেকে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ১৫ ডিসেম্বর থেকে। এরপর এক মাসের বেশি সময় চলে গেলেও বাঁধের কাজ শুরু হয়নি। তাই জমির ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা।
বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁধের কাজ দেরিতে শুরু হলে তা সম্পন্ন হওয়ার সময়ও পিছিয়ে যাবে। আর বৃষ্টির সময় মাটি ও বালু দিয়ে এসব বাঁধের কাজ করলে বাঁধ দুর্বল হয়। দুর্বল বাঁধ ঢলের পানির প্রথম ধাক্কাতেই ভেঙে যায়। এ কারণে হাওরে ফসল আগাম বন্যার হুমকিতে পড়ে।
কৃষকেরা বলছেন, দেরিতে কাজ শুরু করা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের একটি কৌশল; যাতে শেষ সময় যেনতেনভাবে কাজ করে পুরো কাজের বিল তুলে নেওয়া যায়। হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময় হলো ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, ঠিকাদার ও পিআইসি এ বছর সুনামগঞ্জের ৪২টি হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ করবে। এতে ব্যয় হবে ২২ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে পিআইসির মাধ্যমে হবে ১৫ কোটি টাকার কাজ। ঠিকাদারেরা করবেন পাঁচ কোটি ১৭ লাখ টাকার কাজ। এ কাজের জন্য ২৩৫টি পিআইসি গঠন করা হবে। পাঁচ সদস্যের পিআইসিতে স্থানীয় সাংসদের তিনজন প্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের একজন এবং পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি থাকেন। গত রোববার পর্যন্ত ১৭১টি পিআইসি গঠন করা হয়েছে। এসব পিআইসির সঙ্গে চুক্তি করে তাদের আগাম কিছু টাকা দেওয়া হবে। এরপর কাজ শুরু করবে তারা। কিন্তু এখন পর্যন্ত পিআইসির সঙ্গে কোনো চুক্তি হয়নি। অন্যদিকে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হলেও কাজের এলাকা (সাইট) বুঝিয়ে না দেওয়া তাঁরাও কাজ শুরু করেননি।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষায় হাওরের পশ্চিমপাড়ে রায়পুর ও ঘাঘটিয়া এলাকায় দুটি বাঁধ নির্মাণ করা হয়। গত বছর এ সময় বাঁধের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছিল বলে কৃষকেরা জানিয়েছেন। কিন্তু এবার এখনো কাজ শুরু হয়নি। কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা কৃষক স্বপন কুমার বর্মণ জানান, বিশ্বম্ভরপুর এলাকায় খরচার হাওর, হালির হাওর ও শনির হাওরের একাংশে ১৩টি পিআইসি কাজ করবে। কিন্তু এখনো কাজ শুরু না হওয়ায় এসব হাওরের ফসল নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন।
জগন্নাথপুর উপজেলায় পিআইসি গঠন, বাঁধের কাজ তদারকে উপজেলা সমন্বয় কমিটি গঠন এখনো হয়নি বলে জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ। তিনি বলেন, ‘আমার এলাকায় দুটি বড় হাওরে বাঁধের কাজ হয়। এক মাস চলে গেছে, কাজই শুরু হয়নি। তাই এবার বাঁধের কাজ যথাসময়ে শেষ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এ কারণে এলাকার কৃষকেরা ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।’
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় ‘হাওর বাঁচাও-কৃষক বাঁচাও’ আন্দোলনের সভাপতি ইউসুফ আল আজাদ বলেন, ‘প্রতিবছর এ সময় এলেই চিৎকার শুরু করি। তার পরও হাওরের বাঁধের কাজ ঠিক সময়ে শুরু হয় না। আসলে পাউবো, ঠিকাদার, পিআইসি—সবার চিন্তা হলো কেমনে বাঁধ নির্মাণের নামে লুটপাট করা যায়। তা না হলে এক মাসেও কেন বাঁধের কাজ শুরু করা যায়নি।’
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ জানিয়েছেন, সাংসদের কাছ থেকে পিআইসির সদস্যদের নাম সময়মতো না পাওয়ায় কমিটি গঠনে বিলম্ব হয়েছে। এ কারণেই বাঁধের কাজ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। তিনি বলেন, ‘কাজ পুরোদমে শুরু হলে যথাসময়েই শেষ হয়ে যাবে। ঠিকাদারদের সাইট বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা কাজ শুরু করবেন। যাঁরাই বাঁধের কাজ করবেন, তাঁদের কাছ থেকে পাউবো শতভাগ কাজ আদায় করে নেবে।’
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাসেম জানিয়েছেন, সুনামগঞ্জে এবার ২ লাখ ১৪ হাজার ৬৪৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।