
ফসল রক্ষা বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। দুই পাশে বাঁশের তৈরি বেড়া। সেখানে নেই কোনো শ্রমিক। নদীতে আসা জোয়ারের পানি বাঁশের বেড়ার ফাঁক দিয়ে প্রবল বেগে হাওরে ঢুকে তলিয়ে যাচ্ছে বোরো ফসল।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের শয়তানখালী ফসল রক্ষা বাঁধে এই চিত্র দেখা গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, যথাসময়ে ও সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ফসল রক্ষা বাঁধের প্রকল্প চেয়ারম্যান ও পাউবোর কর্মকর্তাদের সীমাহীন গাফিলতির কারণেই এই হাওরের চার ভাগের এক ভাগ বোরো জমির সবুজ ধানগাছ পানিতে তলিয়ে গেছে। তবে পাউবো ও বাঁধ নির্মাণ প্রকল্পের চেয়ারম্যান এই অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শয়তানখালী হাওরে ৫০০ একর জমি রয়েছে। হাওরটি ধরমপাশা উপজেলায় অবস্থিত। হাওরটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ধনু নদের তীরে অবস্থিত। নদীর পানি বেড়ে যাওয়ায় গতকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাঁধের দুই পাশে নির্মিত বেড়ার ফাঁক দিয়ে প্রবল বেগে শয়তানখালী হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে ওই হাওরের ১২৫ একর বোরো জমি তলিয়ে যায়।
খবর পেয়ে বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর, ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শয়তানখালী হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙন বন্ধে ও এটি মেরামত জন্য চলতি অর্থবছরে ১৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করার কথা থাকলেও সেই সময় হাওরে পানি থাকায় কাজ করা হয়নি। অধিকাংশ ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা হয় চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করায় গতকাল সকাল আটটায় ওই হাওরে পানি ঢুকতে শুরু করে।
মোহনগঞ্জ উপজেলার মান্দারবাড়ী গ্রামের কৃষক কাজল মিয়া বলেন, ‘মহাজনের কাছ থাইক্যা ধারদেনা কইর্যাা এই আউরো আট কিয়ার জমিতে বোরো চাষ করছিলাম। অহন হেরার (পাউবো ও প্রকল্প চেয়ারম্যান) দায়িত্বহীনতায় আমরার বারোডা বাইজা গ্যাছে। অহন হারা বছর খাইয়াম কী আর মহাজনের দেনাই দিয়াম ক্যামনে।’
শয়তানখালী হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প চেয়ারম্যান ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী দাবি করেন, ‘এই বাঁধের অর্থ যথাসময়ে ছাড় না দেওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এতে আমার নয়, পাউবো কর্তৃপক্ষেরই গাফিলতি রয়েছে।’
ওই বাঁধের তদারকি কর্মকর্তার দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিবছরই এই সময় নদীতে পানি একটু বাড়ে। এটি জোয়ারের পানি। এখন ওই হাওরটি রক্ষায় পুরোদমে কাজ চলছে। এই পানি দু-তিন দিনের বেশি স্থায়ী থাকবে না। আশা করছি নতুন করে বোরো জমির আর কোনো ক্ষতি হবে না।’
উপসহকারী কৃষি কর্মকর্তা সুজা উদ দৌলা বলেন, ‘এই হাওরে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পানি ঢুকে প্রায় ১২৫ একর বোরো জমির ধানগাছ পানিতে তলিয়ে গেছে। তবে আর যাতে কোনো ক্ষতি না হয় স্থানীয় কৃষকেরা বাঁধের বিপরীত অংশে পানি আটকাতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে ওই বাঁধে কোনো শ্রমিক পাইনি। তবে নতুন করে আর যাতে হাওরের বোরো জমির আর কোনো ক্ষতি না হয় সে জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।’ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীরও একই কথা বলেন।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, অর্থ ছাড় দিতে দেরি নয়; প্রকল্প চেয়ারম্যানের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে।