ফসল রক্ষা বাঁধের কাজে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজে বরাদ্দ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে ওই আবেদন করেন।
এলাকার কৃষকের পক্ষে দেওয়া লিখিত আবেদনে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন উল্লেখ করেছেন, চন্দ্র সোনার থাল হাওরটি সুনামগঞ্জ জেলার সবচেয়ে নিচু হাওর। এই হাওরে ধরমপাশা ও পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আট শতাধিক কৃষকের প্রায় তিন হাজার একর জমি আছে। এখানের কৃষকেরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতের জন্য ১ কোটি টাকা দরকার হলেও গত বছর ১০টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় মাত্র ৮৫ লাখ টাকা। চলতি বছরেও এই হাওরে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৪৫ লাখ টাকা। অথচ সঠিকভাবে মেরামতের কাজ শেষ করার জন্য ১ কোটি টাকা প্রয়োজন। বরাদ্দ কম হওয়ায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে শেষ করা যাবে না। এতে এখানকার কৃষকের বোরো ফসল আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হবে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, বরাদ্দ কম দেওয়ায় কোনো অবস্থাতেই বাঁধের কাজ সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব নয়। তাই তিনি বরাদ্দ বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
চন্দ্র সোনার থাল হাওরের প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ওই হাওরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্প কাজ কোনো অবস্থায়ই বাস্তবায়ন করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘এ-সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার জন্য মাস খানেক আগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।