হাওরপারের অবস্থাসম্পন্ন কৃষক আবদুর রব। বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রতনশ্রী গ্রামে। গ্রামের পাশের মাটিয়ান হাওরে তাঁর ৫০ বিঘা ফসলি জমি আছে। সব জমিতেই আধাপাকা ধান ছিল। গত এপ্রিলের অকাল বন্যায় সব তলিয়ে যায়। জমি আর গোয়ালের গরু বেচে এখন সংসার চালাচ্ছেন তিনি। হাওর এলাকার প্রায় সব কৃষকেরই এখন এ অবস্থায় দিন কাটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ফসলহারা কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করতে ১০ নভেম্বর সুনামগঞ্জ আসছেন। জেলার তাহিরপুর উপজেলা সদরে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। কর্মসূচির আওতায় জেলার দুই লাখ পাঁচ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে ১০ কেজি করে বীজ ধান, ২৫ কেজি ইউরিয়া, সাড়ে ১২ কেজি টিএসপি ও সাড়ে ১২ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এতে সরকারের ব্যয় হবে ২৬ কোটি ৮১ লাখ ৯৭ টাকা। এ খবরে হাওরপারের অন্য কৃষকদের সঙ্গে আবদুর রবও খুশি। তবে তাঁরা চান ফসল রক্ষার নিশ্চয়তা। আবদুর রব বলেন, ‘হাওরের ফসল রক্ষা হলে আর কোনো সহায়তা লাগবে না। আমরা চাই আমাদের খেতের ফসল নির্বিঘ্নে গোলায় তুলতে।’সুনামগঞ্জ কৃষি বিভাগের একটি সূত্র জানায়, জেলায় গত বোরো মৌসুমে এক লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ছয় লাখ ৩৪ হাজার ৬১৬ মেট্রিক টন। কিন্তু গত এপ্রিলের প্রথম সপ্তাহের অকাল বন্যায় ৬১ শতাংশ ফসল তলিয়ে যায়। এতে সরকারি হিসাবে এক হাজার ৩২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। যদিও এই হিসাবের সঙ্গে হাওর এলাকার মানুষ একমত নন। তাঁদের দাবি, ৯০ শতাংশ ফসলই তলিয়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, জেলায় ১২৭টি হাওর আছে। এর মধ্যে পাউবো গত বছর মাত্র ৩৭টি হাওরের ফসল রক্ষায় ১৩১ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে। বাকি হাওরগুলোর ফসল অরক্ষিত অবস্থায় আছে। আর পাউবো যে বাঁধ নির্মাণ করে তা নিয়েও প্রতিবছর নানা অনিয়মের অভিযোগ ওঠে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের ফসল তলিয়ে গেলে দরিদ্র কৃষকদের পাশপাশি বেশি সমস্যায় পড়েন মাঝারি কৃষকেরা। তাঁরা না পান সরকারি সহায়তা, না পারেন কারও কাছে হাত পাততে। এমনকি কোথাও শ্রমিকের কাজও করতে পারেন না তাঁরা। সামাজিক কারণেই এ সমস্যায় পড়তে হয় তাঁদের। বাধ্য হয়ে ফসলের জমি বা গোয়ালের গরু বিক্রি করেই অভাবের দিনগুলো কাটান তাঁরা। তবে সরকারের এই সহায়তা সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর গ্রামের সত্তরোর্ধ্ব দরিদ্র কৃষক রজব আলীর খুব উপকারে আসবে। কারণ তিনি বর্গাচাষি। অন্যের জমিতে ধান চাষ করেন। সব মিলিয়ে পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেন তিনি। এই বীজ ও সার পাওয়ার পর আর সামান্য কিছু বীজ, সার কিনতে হবে তাঁর।টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক পরিমল কান্তি দে জানান, সুনামগঞ্জে মাত্র একটি ফসল। এই বোরো ফসল হারিয়ে কৃষকেরা আজ নিঃস্বপ্রায়। সবার আগে ফসল রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওর এলাকার গ্রামে গ্রামে খোলাবাজারে চাল বিক্রি শুরু করা খুবই জরুরি।