ফসল রক্ষার শেষ চেষ্টা হাওরের কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে শনি ও মাটিয়ান হাওরের বেড়িবাঁধের ওপর দিয়ে পানি যাচ্ছে। হুমকির মুখে পড়েছে হাওর দুটির ১৫ হাজার হেক্টর বোরো ফসল। বেড়িবাঁধের ওপর মাটি ফেলে হাওরের ফসল রক্ষার শেষ চেষ্টা করছেন কৃষকেরা। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ গতকাল রোববার কিশোরগঞ্জের মিঠামইনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যা প্রতিরোধ মোকাবিলায় নদী খনন, গতিপথ পরিবর্তন ও বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।তাহিরপুর (সুনামগঞ্জ): পাহাড়ি ঢলে তাহিরপুরের বৌলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। হুমকির মুখে পড়েছে শনি ও মাটিয়ান হাওরের বোরো ফসল। তাহিরপুর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুল হক জানান, ১৯৭৭ ও ১৯৯৩ সালে জেলার প্রায় সব হাওর তলিয়ে গেলেও শনির হাওরের ফসল রক্ষা পেয়েছিল। কিন্তু এবার হাওরটির বোরো ফসল হুমকির মুখে পড়েছে। হাওর থেকে উৎপাদিত বোরো ধানই আয়ের একমাত্র অবলম্বন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে হাওরপাড়ের মানুষ।সুনামগঞ্জ: পাহাড়ি ঢলে হাওরে ফসলডুবির ঘটনায় বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতিকে দায়ী করেছেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল সংবাদ সম্মেলন করে তাঁরা এসব কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান। এতে বলা হয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে একটি শ্রেণী প্রতিবছর লুটপাটে লিপ্ত হয়। তাদের কারণেই হাওরে ফসলডুবি হয়েছে।জগন্নাথপুর (সুনামগঞ্জ): আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গতকাল জগন্নাথপুরের ক্ষতিগ্রস্ত নলুয়ার ও মইয়ার হাওর এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন সিরাজ, সাংসদ এম এ মান্নান, শফিকুর রহমান প্রমুখ। বাঁধ নির্মাণে অনিয়ম করায় তাঁরা পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকারদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গতকাল গ্রামীণ ইনস্টিটিউট অব ডেভেলপার নামের স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে চাল বিরতণ করা হয়েছে।কিশোরগঞ্জ: জাতীয় সংসদের স্পিকার ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সাংসদ আবদুল হামিদ গতকাল মিঠামইনের ক্ষতিগস্ত চারিগ্রাম, কাটখাল, গোয়ারা, ঢাকী, কাঞ্চনপুরসহ ২০টি গ্রাম পরিদর্শন করেন। পরে চারিগ্রাম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃষকদের এক সমাবেশে তিনি বলেন, মাটির তৈরি বাঁধ দিয়ে বন্যা প্রতিরোধ-ব্যবস্থা অতীতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। এতে অর্থ ও সময়ের অপচয় ঘটে। ভবিষ্যতে পাটের তন্তু (জিও টেক্সটাইল) দিয়ে টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, অকালবন্যায় সর্বস্বান্ত কৃষকদের তালিকা তৈরি করে ভিজিএফ ও সরকারি অন্যান্য সুবিধার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।মেসবাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আতিকুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক শাহ কামাল, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।