ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ, দিনরাত পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসল রক্ষায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের কাছে হরিণগাড়ি খালের ওপর কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছেন। গতকালের ছবি l প্রথম আলো
ফসল রক্ষায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের কাছে হরিণগাড়ি খালের ওপর কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছেন। গতকালের ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাঙ্গালী ও হলহলিয়া নদী। দুই নদীর মাঝখানের পাঁচটি গ্রামে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল রক্ষায় খালে স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েছেন কৃষকেরা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখন তাঁরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি, চালাভিটা, শৈলমারী, রাঙামাটি, ফকিরপাড়াসহ আটটি গ্রামের নয়টি মাঠে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে ফসলের আবাদ হয়েছিল। এসব মাঠে রয়েছে আমন ধান, বেগুন, মরিচ, কলা, পেঁপে, পটোল, করলাসহ নানা ধরনের শাক-সবজির খেত। মাঠ ও গ্রামের পশ্চিমে বাঙ্গালী এবং পূর্বে হলহলিয়া নদী বয়ে গেছে। খেতের পানি নিষ্কাশনের জন্য নদী দুটির সঙ্গে চারটি খালের সংযোগ রয়েছে। এগুলো হলো ধাপাড়, হরিণগাড়ি, ফকিরপাড়া ও শৈলমারী খাল। খালগুলো চওড়ায় ২০-৩০ মিটার। প্রতিবছর ফসলের খেত থেকে বৃষ্টির পানি এসব খাল দিয়ে নদীতে গিয়ে পড়ে।

গত এক সপ্তাহ উজান থেকে ঢল নামায় বাঙ্গালী ও হলহলিয়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যার পানি খাল দিয়ে ফসলের মাঠে ঢুকতে শুরু করে। পানি ঠেকাতে ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ৪ হাজার কৃষক গত বৃহস্পতিবার চারটি খালের মুখে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন। রোববার ভোররাতে তারাকান্দি গ্রামের কাছে ধাপাড় খালের বাঁধ ভেঙে একটি মাঠের প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এরপর থেকে কৃষকেরা সতর্ক অবস্থানে আছেন। তাঁরা কোদাল ও চট নিয়ে রাত জেগে খালের বাঁধ পাহারা দিচ্ছেন।

গতকাল বুধবার সকালে হরিণগাড়ি খালের বাঁধ এলাকায় গিয়ে কথা হয় কৃষক জাহের আলীর (৬০) সঙ্গে। তিনি বলেন, ‘শেষ সম্বল বিক্রি করে আমরা ফসলের আবাদ করেছি। ফসল রক্ষা করতে না পারলে আমাদের পথে দাঁড়াতে হবে। তাই বাঁধ রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছি।’

শৈলমারী খালের বাঁধে বসে কৃষক আবদুর রাজ্জাক বলেন, কেউ যেন শত্রুতা করে বাঁধ কেটে দিতে না পারে, সে জন্য তাঁরা দিন-রাত পাহারা দিচ্ছেন।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক বলেন, বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে এলাকার কৃষকদের এসব খালের মুখে বাঁধ নির্মাণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার পর এসব বাঁধ আবারও কেটে দিয়ে মাঠের জলাবদ্ধতা দূর করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘বাঙ্গালী ও হলহলিয়া নদীর পানি এখনো বাড়ছে। এতে এলাঙ্গী-তারাকান্দি-ধাপাড়ের বাঁধ ভেঙে প্রায় দুই হাজার হেক্টর জমির বিভিন্ন জাতের ফসল তলিয়ে গেছে। অন্য মাঠগুলোর ফসল রক্ষা করতে কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁদের পাশে থেকে সার্বিক সহযোগিতায় রয়েছেন।’