ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট বিঘাই ইউনিয়নের গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার করছেন। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
ছোট বিঘাই ইউনিয়নের গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার করছেন। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

খেতের ফসল রক্ষা ও আমন আবাদের জন্য পটুয়াখালীর সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংস্কার করছেন।
এলাকাবাসী সূত্র জানায়, ছোটবিঘাই ইউনিয়নের পায়রা নদীর পাড়ের বাঁধটি আগেই ক্ষতিগ্রস্ত ছিল। নদীর পাড়ে বাঁধসংলগ্ন নন্দীপাড়া, ফুলতলা, ভুতুমিয়া, ভাজনা ও বিশ্বাসের হাট—এই পাঁচ গ্রামের মানুষ এমনিতেই ঝুঁকিতে বসবাস করছেন। এর ওপর গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে পানিতে প্লাবিত হয় ওই পাঁচ গ্রামসহ আশপাশের এলাকা।
এদিকে এমনিতেই জোয়ারের পানি বাঁধের ভাঙা অংশ নিয়ে প্রবেশ করে প্লাবিত হচ্ছে ফসলি খেত। এর ওপর এখন বর্ষা মৌসুম, সঙ্গে অমাবস্যা-পূর্ণিমার প্রভাব। ফলে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। জোয়ার-ভাটার সময়ে ওই এলাকার পাঁচটি গ্রামসহ আশপাশের গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া কৃষিজমিতে পানি উঠে থাকায় ওই সব এলাকার রোপা আমনের বীজতলা নষ্ট হচ্ছে। আবার অনেক স্থানেই আমন আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নন্দীপাড়া গ্রামের অংশে ভাঙা বাঁধ নির্মাণ চলছে। ওই গ্রামের বাবুল হাওলাদার (৫০) বলেন, ‘ভাঙা বাঁধ বইন্যায় আরও ভাইঙ্গা জোয়ারের পানিতে খেত, বাইড়ঘর তলাইয়া যায়। আমার সবজিখেত, বীজতলা পানিতে পইচ্যা গ্যাছে। দেড় মাস ধইরা এই অবস্থায় আছি। তাই নিজেরাই শ্রম ও টাকা দিয়ে বাঁধ নির্মাণ করছি।’
ভাজনা গ্রামের আবদুল হাকিম কাজী জানান, ‘পায়রা নদী থেকে প্রতিদিন দুই দফা জোয়ারে পানি প্রবেশ করে ফসল বিনষ্ট করে দিয়েছে। এ ছাড়া এখানে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জীবন যাপন করতে হচ্ছে।’
স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের প্রধান উদ্যোক্তা এলাকার স্বপন হাওলাদার (৩৫) বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে বাঁধের ভাঙা অংশ মেরামত করার আবেদন-নিবেদন করলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই আমরা এলাকাবাসী বিধ্বস্ত বাঁধটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।’
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ভূঁইয়া বলেন, ‘ছোটবিঘাই ইউনিয়নের পায়রা নদীর পাড়ের ৪৩/২ পোল্ডারের ৩৯ কিলোমিটার দীর্ঘ বাঁধটির অনেক স্থান আগেই ঝুঁকিপূর্ণ ছিল। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ২০০ মিটার সম্পূর্ণ বিধ্বস্তসহ আরও ৫০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী ভেঙে যাওয়া বাঁধটি মেরামত করছেন, এটা আমরা শুনেছি। বিধ্বস্ত বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে বাঁধ মেরামত করা হবে।’