ফসল হারানোর শঙ্কায় আধা পাকা ধান কাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরে পানি বেড়ে গেছে। এই অবস্থায় ফসল হারানোর শঙ্কায় কৃষকেরা আধা পাকা বোরো ধান কাটা শুরু করেছেন।

জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলা কৃষি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বছর জুড়ীতে ৫ হাজার ৪৫০ হেক্টর, কুলাউড়ায় ৬ হাজার ৪৯০ হেক্টর ও বড়লেখায় ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। তিন-চার দিন ধরে বৃষ্টি হওয়ায় উজানের পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে পানি বেড়ে গেছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখা গেছে, হাকালুকি হাওরের জুড়ী উপজেলার জায়ফরনগর, বড়লেখা উপজেলার সুজানগর ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধানসহ সবজিখেত তলিয়ে গেছে। পানিতে নেমে কৃষকেরা ধান কাটতে নেমে পড়েছেন। অনেকে মিষ্টিকুমড়া, বাদামসহ অন্যান্য সবজি সংগ্রহ করে নৌকায় তুলছেন।

ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে জায়ফরনগর গ্রামের শফিক মিয়া বললেন, ‘১০ কিয়ারে (বিঘা) ব্রি-২৮ ও ২৯ জাতের ধানের খেত করছি। খুব ভালা ফসল হইছে। এখনো আধা পাকা রইছে। আওরে পানি বাড়িয়া খেতে ঢুকি গেছে। তাই, ডরে কাটানি শুরু করি দিছি। আইজ মাত্র দুই শতকের কাটছি।’

একই গ্রামের খায়রুল ইসলাম হাওরের ২০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। এর মধ্যে ছয় বিঘা তলিয়ে গেছে। খায়রুল বলেন, ‘কষ্টের ফসল তো রক্ষা করতে অইব। নিজেই ধান কাটতে নামছি।’

জায়ফরনগরের মহেশ দাস ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। ধান কাটার জন্য দুই দিন ধরে খোঁজ করেও শ্রমিক পাচ্ছেন না। মহেশ বলেন, ‘চিন্তায় পড়ি গেছি। ফসল বাঁচাইতাম কেমনে।’

এলাকাবাসী বলেন, কুলাউড়ার ভূকশিমইল, ভাটেরা, ও জয়চণ্ডী ইউনিয়ন এবং বড়লেখার সুজানগর, তালিমপুর, বর্ণি ও দাসেরবাজার ইউনিয়নে হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায়ও বোরো ধান কাটা শুরু হয়ে গেছে।

জুড়ীর বেলাগাঁও গ্রামের আত্তর আলী বলেন, ‘কামলা পাইলাম না। দেড় একরের ধান পানির নিচে।’ একই গ্রামের আরব আলী সাত বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বোরো ধানের আবাদ করেন। এখন সব জমি পানিতে সাদা হয়ে গেছে। ভূকশিমইলের কোরবানপুর গ্রামের মিনার মিয়ার চার বিঘা জমির ধান তলিয়ে গেছে। দুই ছেলেকে নিয়ে ভোরের দিকে ধান কাটতে নামেন। তিনি বললেন, ‘যতটুকু পারছি কাটছি। হঠাৎ যে ঢল নামব বুঝতে পারছি না।’

জুড়ী উপজেলার কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ (মঙ্গলবার) হাওরের বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি। অনেক জমি তলিয়ে গেছে। কিছু আংশিক নিমজ্জিত। অনেকে তাড়াহুড়ো করে ধান কেটে নিচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।’

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ ও বড়লেখার কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন মুঠোফোনে জানান, হাওরে পানি বেড়েছে। মাঠপর্যায়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।