ফসল হারিয়ে কৃষকের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানি উঠেছে রাস্তায়। সে পথ দিয়েই জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ কর​েত যাচ্ছে ছাত্রীরা। বগুড়ার ধুনট উপজেলার জোড়া শিমুল গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বন্যার পানি উঠেছে রাস্তায়। সে পথ দিয়েই জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ কর​েত যাচ্ছে ছাত্রীরা। বগুড়ার ধুনট উপজেলার জোড়া শিমুল গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর ও বগুড়ায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। উন্নতি হতে শুরু করেছে এসব জেলার বন্যা পরিস্থিতি। তবে পদ্মাপারের চিত্র উল্টো। বন্যাকবলিত হয়ে পড়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা। ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের নদীর তীরবর্তী অন্যান্য এলাকা। প্রচণ্ড স্রোতে বিলীন হয়ে গেছে মাওয়ায় নবনির্মিত ৩ নম্বর ঘাটটি। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বগুড়ায় দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।
দুই সপ্তাহের বন্যায় দেশের উত্তরাঞ্চলে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা, আউশ ও সবজিখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা অসংখ্য কৃষক। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা নিয়েও তাঁরা দুশ্চিন্তায় আছেন।
উত্তরাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে দুর্গত মানুষের সাহায্যে সরকার ত্রাণ তৎপরতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন। পৃথক বিবৃতিতে গণফোরামের সভাপতি কামাল হোসেন অবিলম্বে সরকারিভাবে ত্রাণ-তৎপরতা ও পুনর্বাসন জোরদারের আহ্বান জানিয়েছেন।
বন্যার পানির তীব্র স্রোতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পয়েন্টে রবিউল (১৪) নামের এক শিশু ভেসে গেছে। গতকাল দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি। ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের আবদুল বাকির মেয়ে সাথী খাতুন (১৪) গতকাল দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যায়। এ সময় পানির প্রবল স্রোতে সে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। একই উপজেলার শিয়ালী গ্রামে মারা গেছে মনিকা খাতুন। বন্যার পানিতে ডুবে যাওয়া একটি রাস্তা পার হতে গিয়ে স্রোতের তোড়ে পা পিছলে পাশের খাদে পড়ে গেলে তার মৃত্যু হয়।
বগুড়ায় যমুনা নদীর পানি গতকাল বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ও বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। শেরপুরে গতকাল আরও ১০টি গ্রাম তলিয়ে গেছে। ডুবে গেছে ২০০ হেক্টর রোপা আমনের খেত। খানপুর ও খামারকান্দি ইউনিয়নের অন্তত এক হাজার দিনমজুর পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। শুবলী গ্রামের দেলবর হোসেন জানান, খেতে পানি ঢুকে পড়ায় কাজ নেই। তাঁদের আয় বন্ধ হয়ে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গত দুই দিনে খামারকান্দি ও খানপুর ইউনিয়নের ১৩৭টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। বেরিয়ে গেছে এসব পুকুরের প্রায় ৩৫ মেট্রিক টন মাছ।
জামালপুরে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ২৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি নামতে শুরু করায় উঁচু অঞ্চলের মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ছালাম বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি অনেক এলাকা থেকে নেমে গেছে। ভেসে উঠতে শুরু করেছে রাস্তাঘাট। দুর্গত মানুষ ঘরে ফিরতে শুরু করলেও দেখা দিয়েছে খাবারের আকাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসূমুর রহমান বলেন, পানি সম্পূর্ণ নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুড়িগ্রামের বানভাসিদের দুর্ভোগ কমেনি। এখনো ঘরবাড়ি থেকে পানি নামেনি। চরাঞ্চলে দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। পানির স্রোতে রাজীবপুর শিবেরডাঙ্গী এলাকায় ৩০ মিটার পাকা সড়ক ভেঙে গেছে। পাঠদান বন্ধ রয়েছে বন্যার কারণে জেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে। কৃষি বিভাগের তথ্য, জেলায় প্রায় ৩৮ হাজার হেক্টর জমির ফসল দুই সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে।
সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও অভ্যন্তরীণ নদ-নদীতে পানি অপরিবর্তিত রয়েছে। ফলে সদর, কাজীপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। গতকাল সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তীব্র স্রোতে গতকাল এনায়েতপুরের আজুগড়া-বেতিল স্পার বাঁধের ২০০ ফুট এলাকাজুড়ে ধস নেমেছে।
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফরিদপুরেও। যদিও গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে প্রায় চার সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চরভদ্রাসন উপজেলার পাউবোর প্রায় ১৫০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ।
পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নদীভাঙন দেখা দিয়েছে। মাওয়ায় নবনির্মিত ৩ নম্বর রো রো ফেরিঘাটটি গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায়। বন্ধ হয়ে গেছে এই ঘাট দিয়ে ফেরি চলাচল। ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে আবারও যানজটের সৃষ্টি হয়েছে।
বন্যায় রংপুরের ৪৫ হাজার ৭৭২ হেক্টর জমির রোপা আমন, বীজতলা, আউশ ও সবজিখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, দুই সপ্তাহের মধ্যে দুই দফা বন্যায় রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে ৪৪ হাজার ২৮৩ হেক্টর রোপা আমন, ৬৯০ হেক্টর আমন বীজতলা, ১৫৬ হেক্টর আউশ ধান ও ৬৪৩ হেক্টরে বিভিন্ন সবজিখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত রোপা আমনখেতের বিস্তারিত তথ্য জানিয়ে একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পানি নেমে গেলে এই জমিতে আগাম সবজি, মাষকলাই, ভুট্টা ও সরিষার আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন পাঁচটি ও শ্রীবরদী উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশত গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে সদ্য রোপণ করা আমন ও আধা পাকা আউশ ধানের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, বন্যায় জেলার আট হাজার ৩৭৭ হেক্টর জমির রোপা আমন, ১১০ হেক্টর জমির আউশ ও ৭৭ হেক্টর জমির সবজিখেত তলিয়ে গেছে।
চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি ফুলে-ফেঁপে উঠেছে। প্রবল স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কিছু অংশ দেবে গেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, রংপুর; কুড়িগ্রাম অফিস, মুন্সিগঞ্জ, চাঁদপুর, গোয়ালন্দ (রাজবাড়ী), শেরপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি এবং জামালপুর সংবাদদাতা}