ফসল হারিয়ে অসহায় হাওরের কৃষক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিশ্রমিক সেকান্দর মিয়া (৪৫)। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরপাড়ের দক্ষিণ বড়দল ইউনিয়নের বাসিন্দা। হাওরটিতে তাঁর জমি নেই। কোনো জমি তিনি বর্গাও নেননি। তাই হাওরের ফসল তলিয়ে যাওয়ায় তাঁর পরিবারের প্রত্যক্ষ কোনো ক্ষতিও হয়নি।কিন্তু হাওরের ১০ থেকে ১৫ হাত পানির নিচে তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করে তিনি প্রায় ৮০ মণ ধান সংগ্রহ করেছেন। তাঁর দুই ছেলে লতিফ মিয়া (১৮) ও রহিম উদ্দিনকে (২০) সঙ্গে করে আঁতি টেনে (পানির নিচ থেকে বাঁশ দিয়ে নিড়ানি পদ্ধতিতে) এই ধান সংগ্রহ করেছেন। একইভাবে মধ্য তাহিরপুর গ্রামের কৃষিশ্রমিক আবুল হোসেন, গাজীপুর গ্রামের কৃষিশ্রমিক নূর মিয়া, পাতারগাঁও গ্রামের কৃষিশ্রমিক আক্কাছ আলীসহ হাওরপাড়ের অনেক কৃষিশ্রমিক পরিবারই ছয় মাস থেকে সারা বছরের খাওয়ার ধান সংগ্রহ করেছেন।অন্যদিকে রতনশ্রী গ্রামের কৃষক আবদুর রব (৫৫)। তিনি হাওরটিতে ৫০ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমিতে ধানের চাষ করেছিলেন। পানিতে তলিয়ে যাওয়ায় তিনি এক কিয়ার জমির ধানও কাটতে পারেননি। অথচ এই জমির উৎপাদিত ধান দিয়ে তাঁর ১০ সদস্যের পরিবারের এক বছরের যাবতীয় খরচ মেটানো হয়ে থাকে। তা ছাড়া দুই ছেলের কলেজে পড়ার খরচসহ আগামী বছর ফসল করার টাকার উৎসও ছিল এই জমির ধান। এ অবস্থায় কৃষক আবদুর রব শেষ সম্বল গোয়ালের ১০টি গরুও বিক্রি করে দিয়েছেন। গরু বিক্রির টাকা দিয়ে ধারদেনা শোধ করেছেন এবং এ পর্যন্ত পরিবারের খরচ চালিয়েছেন। এখন শুরু হয়েছে ফসলি জমি বিক্রি ও নতুন করে ধারদেনা। হাওরপাড়ের সব কৃষক পরিবারে একই চিত্র। শনির হাওরপাড়ের মধ্য তাহিরপুর গ্রামের কৃষিশ্রমিক তারা মিয়া (৫০) জানান, হাওরের ফসল পানিতে তলিয়ে গেলে কৃষিশ্রমিক পরিবার লাভবান হয়।উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের কৃষক শামছু মিয়া বলেন, হাওর ডুবলে ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। আর সুবিধা ভোগ করেন কৃষিশ্রমিক ও হতদরিদ্ররা। সরকারি সব সুবিধাও থাকে এই কৃষিশ্রমিক ও দরিদ্রদের জন্য। বাগলী গ্রামের কৃষক লালু মিয়া বলেন, খাদ্যমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ সবাই ভিজিডি, ভিজিএফের আওতা বাড়ানোর কথা বলেন। দৈনিক হাজিরার ভিত্তিতে কাজের কথা বলেন। কিন্তু এর কোনোটিই প্রকৃত কৃষকদের কাজে আসবে না।উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে তাঁদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বিনা সুদে ঋণ দিতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, কৃষক পরিবারগুলো রক্ষায় খোলাবাজারে চাল বিক্রির ব্যবস্থা করা হবে। তা ছাড়া আগামী বছর বোরো ফসল উৎপাদনের জন্য কৃষকদের সব রকম সহযোগিতার ব্যবস্থা নেওয়া হয়েছে।ক্ষয়ক্ষতি: উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, উপজেলার ২৩টি হাওরের ১৩ হাজার ২৫০ হেক্টর জমির মধ্যে ১০ হাজার ৩৩৭ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে যায়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার মেট্রিক টন। এর মধ্যে অর্জিত হয়েছে ১০ হাজার মেট্রিক টন। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ৮০ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার টাকা।মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার ও শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, স্থানীয় হিসাবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ সরকারি হিসাবের দ্বিগুণ। তাই টাকার হিসাবে ক্ষতির পরিমাণও বেশি।