ফসলডুবি ঠেকানো গেল না
খাল খনন করে দুই পাশে থাকে পাকা দেয়াল। তার ওপর মাটি ফেলে নির্মাণ করা হয় বাঁধ। জলকপাটের (স্লুইসগেট) মতো পানি নিয়ন্ত্রিত করে রাখার এ প্রকল্পের নাম ‘কজওয়ে’। উজান থেকে নেমে আসা পানির ঢল থেকে হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নতুন এ প্রকল্প সিলেটের কোম্পানীগঞ্জের পাথারচাউলি হাওরে বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু এ প্রকল্প বাস্তবায়নের পরও পানিতে তলিয়ে গেছে হাওরের বোরো ফসল।
কৃষকদের অভিযোগ, অনিয়ম ও ধীরগতির কারণে ওই প্রকল্পের অধীন কজওয়ে ভেঙে গেছে। এতে পাউবোর কর্মকর্তাদেরও গাফিলতি আছে।
হাওরের কৃষকেরা বলেন, নতুন এ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় তাঁরা এবার নিশ্চিন্ত ছিলেন। কিন্তু পাহাড়ি ঢলের পানির প্রথম তোড়ে গত শুক্রবার থেকে প্রকল্প এলাকার কয়েকটি স্থান ভেঙে তলিয়ে গেছে ফসল।
পাথারচাউলি কোম্পানীগঞ্জের সবচেয়ে বড় হাওর। তেলিখাল ও ইছাকলস ইউনিয়নজুড়ে এ হাওরের অবস্থান। বাঁধ ভেঙে শুক্রবার প্রকল্প এলাকায় প্রায় তিন হাজার একর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকদের হিসাবে, হাওরে একরপ্রতি বোরোর ফলন ১০০ মণ করে হওয়ার কথা। কজওয়ে নির্মাণ করা হয়েছিল হাওরের উত্তরে কাটাখালে।
পাথারচাউলি আকস্মিক বন্যাপ্রবণ এলাকায় প্রায় পাঁচ ধাপে ৭৭ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের মতো করে কজওয়ে নির্মাণ করা হয়। এর মধ্যে কাটাখালের মুখ থেকে ২২ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ প্রথম ধাপ। দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে ১৭ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ কজওয়ে রয়েছে। দুদিকে পাকা দেয়াল রেখে মাঝখানে পানিপ্রবাহ সচল রাখার ব্যবস্থা রয়েছে। অকালবন্যার ঝুঁকি থাকলে মাঝখানে পানি চলাচলের জায়গায় বালুর বস্তা ফেলে পরিস্থিতি মোকাবিলা করা হয়। তবে হাওর এলাকার বাসিন্দা ও কৃষকেরা জানিয়েছেন, পাথারচাউলি হাওরে কজওয়ে নির্মাণ বলতে দুদিকে শুধু দেয়াল নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু মাঝের অংশে বালুর বস্তা ফেলা হয়নি। এ কারণে কজওয়ে ভেঙে হাওরে ফসলডুবির ঘটনা ঘটেছে।
পাউবো সিলেটের প্রকৌশল দপ্তর সূত্র জানায়, হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ ও জলকপাট প্রকল্প প্রচলিত রয়েছে। বিগত প্রায় এক দশকে ফসলডুবির বিষয়টি পর্যবেক্ষণ করে এবার হাওরাঞ্চলের ছয়টি জেলায় কজওয়ে নামের নতুন এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। পাথারচাউলিতে পাঁচটি এবং কানাইঘাট উপজেলার একটি হাওরে কজওয়ে নয় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়।
তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল হক বলেন, পাহাড়ি নদ ধলাইয়ের সঙ্গে সংযোগ হওয়া তেলিখাল ইউনিয়নের কাটাখালের মুখে পাঁচটি কজওয়ে নির্মাণকাজ চলছিল অনেকটা ঢিমেতালে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ধলাই নদে পাহাড়ি ঢলের পানি নামলে গত শুক্রবার সকাল থেকে প্রকল্পের পাঁচটি স্থান ভেঙে হাওরে পানি ঢোকে। এ সময় প্রকল্পকাজ তদারকিতে থাকা পাউবোর কর্মকর্তাসহ ঠিকাদারের লোকজন কাউকে কিছু না বলে এলাকা ত্যাগ করেন।
পশ্চিম ইসলাপুর ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নতুন এ প্রকল্প বাস্তবায়নে হাওরের কৃষকেরা দুশ্চিন্তামুক্ত ছিলেন। কিন্তু পাহাড়ি ঢলের প্রথম ধাক্কা সামাল দিতে না পারার পেছনে রয়েছে নির্মাণকাজে ধীরগতি ও অনিয়ম।
পাউবো সিলেটের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন এ প্রকল্পের কাজে কোনো ত্রুটি হয়নি। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অকালবন্যার পানি প্রকল্প এলাকার ওপর দিয়ে যাওয়ায় হাওরের ফসল তলিয়ে গেছে। তিনি জানান, কজওয়ে প্রকল্পে ৯ দশমিক ৫ পয়েন্ট উচ্চতার পানিপ্রবাহ ঠেকানোর ব্যবস্থা ছিল। কিন্তু পানি এসেছে ১১ পয়েন্ট উচ্চতায়। এ অবস্থায় পুরো বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। এরপরও কজওয়ে নির্মাণকালীন কোনো ত্রুটি আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।